২৪ ঘন্টা নিউজ
শনিবার ২১ নভেম্বর ২০২৬ www.24ghonta.news৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ১১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

ভারতের মণিপুরে ভেজাল মদপানে ১১ জনের মৃত্যু, হাসপাতালে ১৮০

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬ । ৪:৩১ বিকাল

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যে ভেজাল মদপানে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। বিষাক্ত মদপানের সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮০ জনের বেশি। এ ঘটনায় তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রাজ্যের সুগনু শহরে গত এক সপ্তাহে মদপান করা ব্যক্তিদের চিকিৎসকের পরামর্শ নিতে বলা হয়েছে। পাশাপাশি অজ্ঞাত উৎসের মদ পান না করতে সতর্ক করেছে পুলিশ।

শুক্রবার এক বিবৃতিতে মণিপুরের মুখ্যমন্ত্রী ইউম্নাম খেমচাঁদ সিং জানান, এখন পর্যন্ত দুটি হাসপাতালে ১৮০ জনের বেশি রোগী ভর্তি হয়েছেন। গত ৪৮ ঘণ্টায় মৃতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে।

ভারতে অবৈধ মদের ব্যবসা বেশ লাভজনক। সাধারণত বৈধ ব্র্যান্ডের মদ কেনার সামর্থ্য না থাকা দরিদ্র মানুষ এসব মদ পান করেন। নেশার মাত্রা বাড়াতে অনেক সময় মদের সঙ্গে বিভিন্ন রাসায়নিক মেশানো হয়।

এসব রাসায়নিকের মধ্যে মিথানল অন্যতম। মাত্র ৬০ মিলিলিটার মিথানলও মানুষের মৃত্যুর কারণ হতে পারে। দেশটিতে নিয়ন্ত্রণহীনভাবে তৈরি মদে ব্যাটারির অ্যাসিড পাওয়ার ঘটনাও রয়েছে।

এর আগে ২০২০ সালে ভারতের পাঞ্জাব রাজ্যে বিষাক্ত মদপানে অন্তত ১২০ জনের মৃত্যু হয়েছিল।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন