বৈশাখী টেলিভিশনের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। শনিবার (২১ নভেম্বর) বিকেলে রাজধানীর মহাখালীতে টেলিভিশনটির কার্যালয় থেকে তাকে উদ্ধার করে হেফাজতে নেয় বনানী থানা-পুলিশ।
এর আগে বিকেলে বৈশাখী টেলিভিশনের কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালায় একদল দুর্বৃত্ত। এ সময় টেলিভিশনটির কয়েকজন কর্মী হামলার শিকার হয়ে আহত হন। হামলাকারীরা কার্যালয়ে প্রবেশ করে ভাঙচুর চালালে নিরাপত্তার কারণে ভেতরে আটকে পড়েন কর্মীরা।
বিকেল সাড়ে ৩টার দিকে বৈশাখী টেলিভিশনের অফিসিয়াল ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারে এসে এক সাংবাদিক এসব তথ্য জানান। তিনি দাবি করেন, হামলায় তাদের কয়েকজন সহকর্মী আহত হয়েছেন এবং পরিস্থিতির কারণে তারা কার্যালয় থেকে নিচে নামতে পারছেন না।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বনানী থানা-পুলিশের একটি গাড়ি। সরাসরি সম্প্রচারে পুলিশ সদস্যদের কার্যালয়ের নিচে অবস্থানরত লোকজনের সঙ্গে কথা বলতে দেখা যায়। এ সময় আহত সহকর্মীদের হাসপাতালে পাঠাতে না পারার কথাও জানান সাংবাদিকেরা। নিরাপত্তার স্বার্থে লাইভে কয়েকজন কর্মীর পরিচয় ও চেহারা প্রকাশ করা হয়নি।
এদিকে, টিপু আলম মিলন কার্যালয়ে প্রবেশের পর একদল লোক তাকে ঘিরে রাখে। পরে পুলিশ তাকে সেখান থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাহউদ্দিন জানান, টিপু আলম মিলন বৈষম্যবিরোধী আন্দোলনে সংঘটিত একটি হত্যা মামলার আসামি।
ফেসবুক লাইভের শেষ দিকে বৈশাখী টেলিভিশনের এক সাংবাদিককে অসহায় অবস্থায় সহায়তা চাইতে দেখা যায়। তিনি বলেন, ‘আমাদের অবস্থা খুবই শোচনীয়। প্লিজ, হেল্প মি। বাঁচান আমাদের, বৈশাখী টেলিভিশনকে বাঁচান।’

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬ । ৬:২২ সন্ধ্যা