২৪ ঘন্টা নিউজ
রবিবার ২২ নভেম্বর ২০২৬ www.24ghonta.news৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ । ৯:৪০ সকাল

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানরা।

শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে তিন বাহিনীর প্রধানরা নিজ নিজ বাহিনীর চলমান কার্যক্রম ও বিভিন্ন বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেন। পরে সশস্ত্র বাহিনীর সদস্য এবং তাদের পরিবারের সদস্যদের সশস্ত্র বাহিনী দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন জানান রাষ্ট্রপতি।

মতবিনিময়কালে রাষ্ট্রপতি বলেন, সশস্ত্র বাহিনী দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় গৌরবের প্রতীক। দেশের অখণ্ডতা ও স্বাধীনতা রক্ষার পাশাপাশি রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং গণতন্ত্র সমুন্নত রাখতেও বাহিনীটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

তিনি আরও বলেন, জাতির প্রতিটি সংকটময় মুহূর্তে সশস্ত্র বাহিনী জনগণের পাশে দাঁড়িয়েছে। গণতন্ত্রের প্রতি তিন বাহিনীর আস্থা ও শ্রদ্ধা রাষ্ট্রের অন্তর্নিহিত শক্তির অন্যতম ভিত্তি।

সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী, আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে রাষ্ট্রপতি এ লক্ষ্যে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান।

রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, পেশাগত দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে সশস্ত্র বাহিনীর সদস্যরা ভবিষ্যতেও দেশ গঠন, জাতীয় উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

এ সময় বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন