২৪ ঘন্টা নিউজ
রবিবার ২২ নভেম্বর ২০২৬ www.24ghonta.news৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

চালক দুই মিনিটের অপেক্ষা না করায় ঝরল একই পরিবারের চার প্রাণ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ । ১০:২২ সকাল

বাড়ির বড় মেয়ের বাসায় বেড়াতে যাচ্ছিলেন পরিবারের সদস্যরা। সিএনজিতে ১৫-২০ মিনিটের পথ। রেলক্রসিং পার হলেই গন্তব্য। মাত্র দুই মিনিট অপেক্ষা করলেই হয়তো বেঁচে যেত চারটি প্রাণ। কিন্তু সেই অপেক্ষা করেননি চালক। ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে যায় সিএনজি, প্রাণ হারান একই পরিবারের চারজন।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে কক্সবাজারের রামুর দক্ষিণ মিঠাছড়ি রেলক্রসিংয়ে ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুজন এবং হাসপাতালে নেওয়ার পর দুই শিশুর মৃত্যু হয়।

নিহতরা হলেন সাজ্জাদ হোসেন রুবেল (২৮), তার পাঁচ মাস বয়সী মেয়ে মাশরুফা হোসাইন ইলহাম, রুবেলের বোন কাশিফা জান্নাত রায়হান (২০) এবং তার ছেলে সাহিল। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন রুবেলের স্ত্রী তানিয়া সুলতানা। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এখনো তার জ্ঞান ফেরেনি। আহত অবস্থায় আরেক শিশু আয়াত মনিও সেখানে চিকিৎসা নিচ্ছে।

নিহতদের স্বজন মুহাম্মদ ফারুক বলেন, রেলক্রসিংয়ে মাত্র দুই মিনিট অপেক্ষা করলেই হয়তো এতগুলো প্রাণ বেঁচে যেত। শুক্রবার রাতে কাইম্যারঘোনা বড় কবরস্থানে পাশাপাশি চারজনকে দাফন করা হয়। স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ।

এদিকে রামুর বিভিন্ন রেলক্রসিংয়ে আগেও দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছে। স্থানীয়দের অভিযোগ, এসব ক্রসিংয়ে গেটম্যান ও পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেই।

কক্সবাজারের জেলা প্রশাসক এম এ মান্নান জানিয়েছেন, রেল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ঝুঁকিপূর্ণ ক্রসিংগুলোতে গেটম্যান নিয়োগ ও নিরাপত্তা নিশ্চিতের উদ্যোগ নেওয়া হবে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন