২৪ ঘন্টা নিউজ
রবিবার ২২ নভেম্বর ২০২৬ www.24ghonta.news৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

শিক্ষাপ্রতিষ্ঠানকে বেকারত্ব তৈরির কারখানা করা যাবে না: শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ । ৩:২৬ বিকাল

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে বেকারত্ব তৈরির কারখানায় পরিণত করা যাবে না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে বিশ্ববিদ্যালয় ও শিল্প খাতের মধ্যে কার্যকর সংযোগ তৈরির ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

রোববার (২২ নভেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কোলাবোরেশন: সরকারের নীতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, শিল্পপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ইন্টার্নশিপের আগে শিক্ষকদের সেখানে গবেষণা করা উচিত। গবেষণার ফল অনুযায়ী পাঠ্যক্রম সাজানোর পাশাপাশি বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে যৌথ গবেষণা ও উদ্ভাবনের সুযোগ তৈরি করতে হবে।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের বাজেটের চেয়ে বরাদ্দ অর্থ যথাযথভাবে ব্যয় করতে না পারাই বড় সমস্যা। শ্রমবাজারের চাহিদা বিবেচনা না করে নতুন বিভাগ খোলা উচিত নয়। শিক্ষক ও জনবল সংকট নিরসনেও দ্রুত কার্যকর উদ্যোগ নিতে হবে।

সেশনজট, ভর্তি কার্যক্রম ও ফল প্রকাশে দীর্ঘসূত্রতার সমালোচনা করে শিক্ষামন্ত্রী বলেন, এসব কারণে শিক্ষার্থীদের মূল্যবান সময় নষ্ট হচ্ছে। বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সিদ্ধান্ত গ্রহণেও দীর্ঘসূত্রতা কমিয়ে বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ করতে হবে।

সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, ইউজিসি সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন