২৪ ঘন্টা নিউজ
রবিবার ২২ নভেম্বর ২০২৬ www.24ghonta.news৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

পোশাক শ্রমিকদের জন্য ন্যায্য মজুরি নির্ধারণ করবে মজুরি বোর্ড: মাহ্দী আমিন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ । ৪:৫৩ বিকাল

পোশাক শ্রমিকদের জন্য আলোচনা ও সমঝোতার ভিত্তিতে যৌক্তিক ও ন্যায্য মজুরি নির্ধারণ করবে মজুরি বোর্ড বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন।

রোববার (২২ নভেম্বর) সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে শ্রম মন্ত্রণালয় আয়োজিত ‘২য় বার্ষিক আন্তর্জাতিক ওএসএইচ গবেষণা সম্মেলন ২০২৬’-এ তিনি এ কথা বলেন।

মাহ্দী আমিন বলেন, আগে পাঁচ বছর পরপর পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানো হলেও এবার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী তিন বছরের মাথায় মজুরি বোর্ড গঠন করেছে সরকার। শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের পাশাপাশি নিরপেক্ষ সদস্যরা দ্রুত ন্যায্য মজুরি নির্ধারণ করবেন। এ ক্ষেত্রে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে।

তিনি আরও বলেন, গার্মেন্টস খাতের সাম্প্রতিক অস্থিতিশীলতার পেছনে রাজনৈতিক উসকানি ও একটি নির্দিষ্ট গোষ্ঠীর অনুপ্রবেশ রয়েছে। তবে সরকার সহনশীলতার সঙ্গে শান্তিপূর্ণভাবে পরিস্থিতি মোকাবিলা করছে।

উপদেষ্টা বলেন, বৈশ্বিক অর্থনৈতিক মন্দা ও জ্বালানি সংকটের মধ্যেও সরকার শ্রমবান্ধব নীতিকে অগ্রাধিকার দিচ্ছে। নতুন শ্রম আইনে শ্রমিকদের অধিকার, কর্মক্ষেত্রের নিরাপত্তা ও মর্যাদাকে গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে নারী শ্রমিকদের নিরাপত্তা এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সক্ষমতা বিবেচনায় আইন বাস্তবায়নের ওপর জোর দেন তিনি।

সম্মেলনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, আইএলওর বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনন, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা বক্তব্য দেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন