চট্টগ্রামের আনোয়ারা-কর্ণফুলীর কোরিয়ান ইপিজেড (কেইপিজেড) ও ইয়ংওয়ানের বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে স্থানীয় যোগ্য ও বেকার যুবকদের অগ্রাধিকার না দেওয়ার অভিযোগ উঠেছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে স্থানীয়দের কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করার দাবিতে প্রতিবাদ সভা করেছেন এলাকাবাসী।
রোববার (২২ নভেম্বর) রাত ৮টায় দৌলতপুর ফাজিলখাঁর হাটের মাংসের দোকানের সামনে স্থানীয়দের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা অভিযোগ করেন, আনোয়ারা-কর্ণফুলীতে একের পর এক শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠলেও এসব প্রতিষ্ঠানে চাকরির ক্ষেত্রে স্থানীয় শিক্ষিত ও দক্ষ যুবকরা যথাযথ সুযোগ পাচ্ছেন না। বরং দেশের বিভিন্ন জেলা থেকে লোক নিয়োগ দেওয়া হচ্ছে।
বক্তারা বলেন, স্থানীয় মানুষের সহযোগিতায় গড়ে ওঠা শিল্পপ্রতিষ্ঠানে এলাকার যোগ্য বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করা উচিত। যোগ্যতা থাকা সত্ত্বেও স্থানীয়রা চাকরি থেকে বঞ্চিত হলে তাদের মধ্যে হতাশা ও ক্ষোভ বাড়বে।
প্রতিবাদ সভা থেকে কেইপিজেড ও ইয়ংওয়ান কর্তৃপক্ষের প্রতি নিয়োগের ক্ষেত্রে স্থানীয় যোগ্য প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া এবং বেকার যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ । ১০:৫৯ রাত