চাঁদপুরের ফরিদগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ মো. জাহিদুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২১ নভেম্বর) রাতে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে রোববার (২২ নভেম্বর) তাকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এরশাদ উল্ল্যাহর নির্দেশনায় এসআই মোহাম্মদ হুমায়ুন কবির ও এএসআই মো. জুমায়েত হোসেন জুয়েল সঙ্গীয় ফোর্স নিয়ে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় মো. জাহিদুল ইসলামকে আটক করে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৭০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত জাহিদুল ইসলাম ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার নিখরহাটি এলাকার মাতবর বাড়ির মৃত সিরাজ মিয়ার ছেলে।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এরশাদ উল্ল্যাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭০০ পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে ফরিদগঞ্জ থানা পুলিশের কঠোর অবস্থান রয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতা বজায় রেখে মাদক কারবারের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সচেতন মহল।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ । ১১:০৭ রাত