নিজের দুই কিডনিতে সমস্যা। প্রতিদিন গড়ে ১০ থেকে ১১টি ওষুধ সেবন করতে হয়। এর সঙ্গে যোগ হয়েছে স্ত্রীর ক্যানসারের চিকিৎসার দায়িত্ব। ব্যক্তিগত জীবনের এমন কঠিন বাস্তবতার মধ্যেও থেমে নেই পথচলা। ক্যামেরা হাতে ছুটে বেড়াচ্ছেন প্রকৃতি ও মানুষের গল্পের সন্ধানে। তিনি দেশের জনপ্রিয় কনটেন্ট নির্মাতা জুয়েল রানা।
অথচ তার পেশাগত জীবনের শুরুটা ছিল সম্পূর্ণ ভিন্ন পথে। আইন বিষয়ে পড়াশোনা শেষে সুপ্রিম কোর্টে আইন পেশায় যুক্ত হন। পরবর্তী সময়ে একটি ব্যাংকের ব্যবস্থাপক হিসেবেও দায়িত্ব পালন করেন। কিন্তু প্রচলিত পেশার গণ্ডিতে নিজেকে আটকে না রেখে একসময় নিজের ভালো লাগা থেকেই বেছে নেন কনটেন্ট নির্মাণের পথ।
২০২৫ সালের ৪ ফেব্রুয়ারি যাত্রা শুরু করে তার কনটেন্ট প্ল্যাটফর্ম ‘চিত্ত মিডিয়া’। অল্প সময়ের মধ্যেই ফেসবুক পেজটির অনুসারী সংখ্যা ৫৭ লাখ ছাড়িয়ে যায়। ইউটিউবেও রয়েছে উল্লেখযোগ্যসংখ্যক দর্শক। তবে এই জনপ্রিয়তার পেছনে রয়েছে নিরলস পরিশ্রম, সৃজনশীলতা এবং প্রতিকূলতার সঙ্গে লড়াইয়ের গল্প।
জুয়েল রানার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি তার শারীরিক অসুস্থতা। নিজের দুই কিডনিতেই সমস্যা থাকায় প্রতিদিন ১০ থেকে ১১টি ওষুধ সেবন করতে হয় তাকে। শারীরিক সীমাবদ্ধতার কারণে অনেক সময় নির্ধারিত সময়ে কাজেও পৌঁছানো সম্ভব হয় না। এ পরিস্থিতিতে ক্যামেরার পেছনে থাকা দুই সহকর্মী তাকে সহযোগিতা করছেন।
অন্যদিকে, স্ত্রীর ক্যানসারের চিকিৎসা নিয়েও প্রতিনিয়ত উদ্বেগের মধ্যে থাকতে হয় তাকে। আগের তুলনায় স্ত্রীর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি। নিজের অসুস্থতা সামলানোর পাশাপাশি স্ত্রীর চিকিৎসা ও পারিবারিক দায়িত্ব পালন করেই এগিয়ে নিচ্ছেন কাজ।
জুয়েলের কনটেন্টের মূল উপজীব্য প্রকৃতি, গ্রামবাংলা ও সাধারণ মানুষের জীবন। শীতের কুয়াশা, শিশিরভেজা ঘাস, সরিষার হলুদ মাঠ কিংবা কৃষকের জীবনসংগ্রাম—তার ক্যামেরায় উঠে আসে পরিচিত বাংলার নানান রূপ। শুধু দৃশ্য ধারণ নয়, প্রকৃতির সৌন্দর্যের সঙ্গে সাহিত্য ও জীবনবোধের মিশেলে দর্শকদের সামনে গল্প তুলে ধরতে ভালোবাসেন তিনি। কবি জীবনানন্দ দাশের সাহিত্য তার কাজের অন্যতম অনুপ্রেরণা।
জনপ্রিয়তার সংজ্ঞাও তার কাছে কিছুটা আলাদা। বিপুলসংখ্যক অনুসারী ও দর্শকের ভালোবাসা পেলেও নিজের কাজ নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নন তিনি। প্রতিটি কনটেন্ট প্রকাশের পরই মনে হয়, আরও ভালোভাবে উপস্থাপন করা যেত। তাই অনুসারীর সংখ্যা বাড়ানোর চেয়ে কাজের মান উন্নয়নকেই বেশি গুরুত্ব দেন।
জুয়েলের বিশ্বাস, সাময়িক জনপ্রিয়তা নয়, কনটেন্টের স্থায়ী আবেদনই একজন নির্মাতার প্রকৃত অর্জন। এমন কাজ তৈরি করতে চান, যা পাঁচ বছর নয়, পাঁচ যুগ পরও দর্শকের কাছে সমানভাবে আবেদন তৈরি করবে।
এই লক্ষ্য থেকেই বাণিজ্যিক চাপের মধ্যেও নিজের নীতি ও মূল্যবোধ ধরে রাখার চেষ্টা করেন তিনি। তার মতে, অর্থ উপার্জনের সুযোগ থাকলেই সব কাজ করা উচিত নয়। কিছু সিদ্ধান্ত নিতে হয় বিবেক ও নৈতিকতার জায়গা থেকে।
সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের আমন্ত্রণে তার সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়েছেন জুয়েল রানা। সরকারপ্রধান তার কনটেন্ট নিয়মিত দেখেন—এমন স্বীকৃতিকে নিজের জন্য বড় প্রাপ্তি মনে করেন তিনি। তবে রাজনীতিতে যুক্ত হওয়ার কোনো আগ্রহ নেই তার। সব শ্রেণি-পেশার মানুষের জন্য নিরপেক্ষভাবে কাজ করে যেতে চান।
নতুনদের জন্যও রয়েছে তার বাস্তব অভিজ্ঞতালব্ধ পরামর্শ। তার মতে, কনটেন্ট নির্মাণে রাতারাতি সফলতা কিংবা অর্থ উপার্জনের নিশ্চয়তা নেই। এ পেশায় টিকে থাকতে হলে নিয়মিত পড়াশোনা, পরিশ্রম ও সৃজনশীলতার বিকল্প নেই। তাই প্রতিষ্ঠিত চাকরি ছেড়ে হুট করে কনটেন্ট নির্মাণে চলে আসার পক্ষপাতী নন তিনি।
ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জুয়েলের প্রত্যাশা, আরও বিনয়ী হওয়া এবং মানুষের আরও কাছাকাছি যাওয়া। ক্যামেরা হাতে প্রকৃতির গভীরে গিয়ে নতুন নতুন গল্প আবিষ্কার করতে চান তিনি।
জুয়েলের কাছে সফলতা মানে বড় বাড়ি, দামি গাড়ি কিংবা বিপুল সম্পদের মালিক হওয়া নয়। দিন শেষে নিজের ভেতর থেকে ভালো থাকতে পারাকেই প্রকৃত সফলতা মনে করেন তিনি। নিজের ও স্ত্রীর অসুস্থতার মতো কঠিন বাস্তবতা, শারীরিক সীমাবদ্ধতা আর পারিবারিক দুশ্চিন্তা—সবকিছুর মধ্যেও তাই থেমে নেই তার পথচলা। ক্যামেরার লেন্সে প্রকৃতি ও মানুষের গল্প ধারণ করে প্রতিনিয়ত এগিয়ে চলেছেন জুয়েল রানা।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬ । ৯:৪২ সকাল