ইরানের সঙ্গে কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব না হলে আগামী ইংরেজি নববর্ষের পর দেশটিতে আবারও সামরিক হামলা শুরু করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের সঙ্গে চলমান আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ায় হতাশা প্রকাশ করে এমন সতর্কবার্তা দিয়েছেন তিনি।
মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, ইরানের সঙ্গে পরোক্ষ আলোচনা অব্যাহত রয়েছে। তবে আলোচনায় আশানুরূপ অগ্রগতি হচ্ছে না। ইরানি আলোচকদের ‘পেশাদার ট্যাপ ড্যান্সার’ আখ্যা দিয়ে তিনি বলেন, ‘তারা সারাক্ষণই কথা বলে। তারা শুধু কথাই বলে যায়, কিন্তু এর সবই অর্থহীন বুলি।’
এদিকে মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। হরমুজ প্রণালিতে ইরানের ওপর নৌ-অবরোধ জারি রেখেছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে, বিভিন্ন জাহাজে হামলা চালিয়ে এর জবাব দিচ্ছে তেহরান।
মার্কিন নৌ-অবরোধ অমান্য করে কোনো ইরানি জাহাজ বের হওয়ার চেষ্টা করলে কঠোর পরিণতির মুখে পড়তে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, অবরোধ ভেঙে বের হওয়ার চেষ্টা করা ইরানি জাহাজগুলোতে হামলা চালিয়ে ডুবিয়ে দেওয়া হবে।
ফক্স নিউজের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরানে নতুন করে শুরু হওয়া সরকারবিরোধী বিক্ষোভের ভিডিও দেখেছেন ট্রাম্প। এরপর দেশটির আন্দোলনকারীদের বিক্ষোভ অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
কূটনৈতিক আলোচনা, হরমুজ প্রণালিতে নৌ-অবরোধ এবং নতুন করে সামরিক হামলার হুমকি—সব মিলিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬ । ১০:৪২ সকাল