২৪ ঘন্টা নিউজ
সোমবার ২৩ নভেম্বর ২০২৬ www.24ghonta.news৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

শেখ হাসিনার ফেরার গুঞ্জন, বেনাপোল সীমান্তে বিজিবির নজরদারি জোরদার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬ । ১২:৪৫ দুপুর

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফেরার গুঞ্জনকে কেন্দ্র করে যশোরের বেনাপোলসহ গুরুত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কোনো নেতাকর্মী যাতে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে কিংবা বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন।

ইতোমধ্যে বেনাপোল ও আশপাশের সীমান্ত এলাকায় বিজিবির টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। সীমান্তের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বাড়ানো হয়েছে নজরদারি। টহল দলকে নিয়মিত সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করতে দেখা গেছে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম আলম সাইফুল আলম খান বলেন, সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি বাড়ানোর পাশাপাশি যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় সন্দেহজনক চলাচল, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সব সময় তৎপর রয়েছে। দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সীমান্ত অপরাধ নিয়ন্ত্রণে স্থানীয় বাসিন্দা ও সচেতন মহলের সহযোগিতা কামনা করে বিজিবি অধিনায়ক বলেন, কোনো ধরনের অনিয়ম, অবৈধ অনুপ্রবেশ কিংবা অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পাওয়া গেলে তা বিজিবিকে জানাতে হবে। স্থানীয় জনগণের সঙ্গে তথ্য আদান-প্রদান বাড়ানো গেলে সীমান্ত অপরাধ নিয়ন্ত্রণ আরও সহজ হবে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন