দীর্ঘদিন ধরে বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে খাল পারাপার করছেন চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ও জুইদণ্ডী ইউনিয়নের বাসিন্দারা। এবার সেই দুর্ভোগ লাঘবে সাপমারা খালের ওপর ৬৫ মিটার দীর্ঘ সেতু নির্মাণের প্রকল্প অনুমোদন হয়েছে।
জানা গেছে, জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় সেতু নির্মাণ প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকল্প তালিকায়ও এটি অন্তর্ভুক্ত রয়েছে। প্রকল্পের আওতায় সাপমারা খালসংলগ্ন বেড়িবাঁধ কাম সড়কের ২ হাজার ৫০০ মিটার চেইনেজে ৬৫ মিটার দীর্ঘ সেতু নির্মাণ করা হবে।
সারেজমিনে দেখা যায়, খালের ওপর স্থায়ী সেতু না থাকায় দীর্ঘদিন ধরে বাঁশের সাঁকো দিয়ে তাদের চলাচল করতে হচ্ছে। এতে দুই ইউনিয়নের মানুষের পাশাপাশি আশপাশের এলাকার বাসিন্দারাও ভোগান্তিতে পড়ছেন। বিশেষ করে রোগী, গর্ভবতী নারী ও জরুরি প্রয়োজনে চলাচলকারীদের দুর্ভোগ পোহাতে হয় বেশি। কৃষি ও মৎস্য কার্যক্রমেও এর প্রভাব পড়ছে।
দীর্ঘদিনের দাবির পর সেতু নির্মাণের প্রকল্প অনুমোদন হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে। সেতুটি নির্মিত হলে দুই ইউনিয়নের যোগাযোগব্যবস্থা সহজ হবে। পাশাপাশি এলাকার কৃষি, মৎস্য ও আর্থসামাজিক উন্নয়নেও নতুন সম্ভাবনা তৈরি হবে বলে আশা করছেন স্থানীয়রা।
ফখর উদ্দিন/২৪ঘণ্টা/জেআই

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬ । ৬:৪৭ সন্ধ্যা