২৪ ঘন্টা নিউজ
সোমবার ২৩ নভেম্বর ২০২৬ www.24ghonta.news৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

মজুরি নিয়ে মালিক-শ্রমিকের প্রস্তাব, সিদ্ধান্ত পরবর্তী সভায়

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬ । ৬:৫৯ সন্ধ্যা

তৈরি পোশাকশ্রমিকদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণে মালিক ও শ্রমিকপক্ষের প্রস্তাব নিয়ে আলোচনা করছে নিম্নতম মজুরি বোর্ড। সোমবার (২৩ নভেম্বর) মালিকপক্ষ তাদের লিখিত প্রস্তাব জমা দিয়েছে। তবে প্রস্তাবে কত টাকা মজুরির কথা বলা হয়েছে, তা প্রকাশ করেনি বোর্ড। আলোচনা শেষে পরবর্তী সভায় সিদ্ধান্ত জানানো হবে।

রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে চলমান তৃতীয় সভার বিরতিতে সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।

গণমাধ্যমে মালিকপক্ষের প্রস্তাব ১৪ হাজার থেকে ১৪ হাজার ৩০০ টাকা বলে প্রচারিত তথ্যের বিষয়ে জানতে চাইলে তিনি এ অঙ্ককে ‘একেবারেই অবাস্তব’ বলে মন্তব্য করেন। তার ভাষ্য, আলোচনা শেষ হওয়ার আগে কোনো পক্ষের প্রস্তাবের পরিমাণ প্রকাশ করা হবে না।

চেয়ারম্যান জানান, প্রথম ও দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ তাদের প্রস্তাব আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করেছে। এবার মালিকপক্ষ লিখিত প্রস্তাব দিয়েছে। পাশাপাশি ঢাকা, আশুলিয়া, সাভার, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের বিভিন্ন শিল্পাঞ্চলের ছোট, বড় ও মাঝারি কারখানা পরিদর্শন করে সংগ্রহ করা তথ্য-উপাত্তও সভায় পর্যালোচনা করা হচ্ছে।

তিনি বলেন, তৈরি পোশাকশিল্পে প্রায় ৪০ লাখ শ্রমিক কাজ করেন। তাই শ্রমিকদের স্বার্থের পাশাপাশি শিল্পের বাস্তবতা ও দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে মজুরি সুপারিশ করা হবে।

মজুরি বোর্ডের আইনগত মেয়াদ আগামী ৩০ এপ্রিল পর্যন্ত থাকলেও দ্রুত কাজ শেষ করতে চায় বোর্ড। নিয়মিত সাত দিন পরপর সভা করার কথা থাকলেও শ্রমিকদের স্বার্থ বিবেচনায় স্বল্প সময়ের ব্যবধানে পরবর্তী সভা আয়োজনের চেষ্টা চলছে। প্রয়োজনে আগামীকালও সভা হতে পারে বলে জানান চেয়ারম্যান।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন