দেশের উত্তরাঞ্চলসহ বিভিন্ন এলাকায় মাত্র দুই মিনিটের ব্যবধানে দুই দফা ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে পরপর এ কম্পন অনুভূত হলে পঞ্চগড়, কুড়িগ্রাম ও ঠাকুরগাঁওসহ বিভিন্ন এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, সকাল ৭টা ২ মিনিটে প্রথম দফায় ভূমিকম্প অনুভূত হয়। এর ঠিক দুই মিনিট পর ৭টা ৪ মিনিটে দ্বিতীয় দফায় আবারও কেঁপে ওঠে বিভিন্ন এলাকা।
প্রথম দফার ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ৫ দশমিক ৪ ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নেপালের কোশি প্রদেশের লেলেপ এলাকার কাছাকাছি।
বাংলাদেশ ছাড়াও নেপাল, ভুটান ও চীনের বিভিন্ন অঞ্চলে এ ভূকম্পন অনুভূত হয়েছে বলে জানা গেছে।
তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভূমিকম্পে কোনো প্রাণহানি কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ । ৯:৪৯ সকাল