২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬ www.24ghonta.news১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

অগ্ন্যাশয়ের ক্যানসার প্রতিরোধে আশার আলো দেখাচ্ছে পরীক্ষামূলক টিকা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ । ১:৪৫ দুপুর

অগ্ন্যাশয়ের ক্যানসার চিকিৎসায় নতুন সম্ভাবনা তৈরি করেছে পরীক্ষামূলক টিকা ‘ক্যামুপেপিমিউট’। যুক্তরাষ্ট্রের মায়ো ক্লিনিকের গবেষকদের পরিচালিত এক ক্লিনিক্যাল পরীক্ষায় দেখা গেছে, টিকাটি গ্রহণকারী প্রায় ৯৯ শতাংশ রোগীর শরীরে ক্যানসারসংশ্লিষ্ট জিনগত পরিবর্তনের বিরুদ্ধে শক্তিশালী রোগপ্রতিরোধ প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

নেচার মেডিসিন সাময়িকীতে প্রকাশিত গবেষণায় ১৪৪ জন অগ্ন্যাশয়ের ক্যানসার রোগী অংশ নেন। অস্ত্রোপচার ও কেমোথেরাপির পর তাঁদের দুটি দলে ভাগ করা হয়। এর মধ্যে ৯৬ জনকে পরীক্ষামূলক টিকা দেওয়া হয় এবং ৪৮ জনকে পর্যবেক্ষণে রাখা হয়।

গবেষণায় দেখা যায়, টিকা গ্রহণকারীদের ক্যানসারমুক্ত থাকার গড় সময় ছিল ২৩ দশমিক ৮ মাস। অন্যদিকে টিকা না নেওয়া রোগীদের ক্ষেত্রে তা ছিল ২১ দশমিক ২ মাস। তবে এই পার্থক্য পরিসংখ্যানগতভাবে উল্লেখযোগ্য নয়। ফলে টিকাটি রোগীদের বেঁচে থাকার সময় বাড়ায়, এমন নিশ্চিত প্রমাণ এখনো পাওয়া যায়নি।

টিকাটি মূলত ক্যানসার কোষের সঙ্গে সংশ্লিষ্ট কেআরএএস জিনের সাত ধরনের মিউটেশন শনাক্ত করতে শরীরের রোগপ্রতিরোধ ব্যবস্থাকে প্রশিক্ষিত করে। গবেষণায় ৪৬ সপ্তাহ পরও ৯৫ দশমিক ৫ শতাংশ রোগীর শরীরে এ টিকার বিরুদ্ধে রোগপ্রতিরোধ প্রতিক্রিয়া সক্রিয় থাকার প্রমাণ পাওয়া গেছে।

গবেষকদের মতে, অস্ত্রোপচার ও কেমোথেরাপির পর শরীরে থেকে যাওয়া ক্যানসার কোষ শনাক্ত ও ধ্বংস করতে টিকাটি ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে এর প্রকৃত কার্যকারিতা নিশ্চিত করতে আরও বড় পরিসরে তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল পরীক্ষা প্রয়োজন।

উল্লেখ্য, অগ্ন্যাশয়ের ক্যানসার চিকিৎসার পরও রোগটি ফিরে আসার ঝুঁকি বেশি। তাই নতুন এই টিকা নিয়ে গবেষকদের মধ্যে আশাবাদ তৈরি হয়েছে। তবে এটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং স্বীকৃত চিকিৎসার বিকল্প হিসেবে ব্যবহারের অনুমোদন পায়নি।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন