চট্টগ্রামের ফটিকছড়িতে প্রকাশ্যে গুলি ছুড়ে ছয়জনকে আহত করার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নতুন স্ট্যাটাস দিয়েছেন আলোচিত সন্ত্রাসী মোহাম্মদ রায়হান আলম। সেখানে গুলিতে আহত ব্যক্তিদের মধ্যে কেউ অসহায় থাকলে তাঁকে আর্থিক সহায়তা দেওয়ার প্রস্তাব দিয়েছেন তিনি। এদিকে তাঁকে গ্রেপ্তারে রাতভর অভিযান চালিয়েও সন্ধান পায়নি পুলিশ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে রায়হান লেখেন, ‘যারা গুলি খেয়েছেন ভয় পাওয়ার কারণ নেই। আপনাদের সঙ্গে আমার ঝামেলা ওখানেই শেষ। গুলি খাওয়া ব্যক্তিদের মধ্যে যদি কেউ অসহায় থাকেন, তাঁদের যদি টাকা-পয়সা সাহায্য লাগে আমাকে ইনবক্স করিয়েন।’ একই স্ট্যাটাসে ভবিষ্যতে গাড়ি আটকে তল্লাশির আগে ভেতরে কে আছেন, তা খোঁজ নেওয়ার কথাও বলেন তিনি।
অন্য একটি স্ট্যাটাসে ফটিকছড়িবাসীর উদ্দেশে নিজের অবস্থান তুলে ধরে ঘটনার ব্যাখ্যা দেন রায়হান। তাঁর দাবি, সোমবার রাতে সুয়াবিল থেকে সিএনজিচালিত অটোরিকশায় বের হওয়ার সময় তাঁকে আওয়ামীপন্থী মনে করে কয়েকজন বিএনপি নেতা গাড়ি আটকানোর চেষ্টা করেন। এ সময় আত্মরক্ষার্থে গুলি চালাতে বাধ্য হয়েছেন বলে দাবি করেন তিনি। তবে তাঁদের সঙ্গে ব্যক্তিগত কোনো বিরোধ ছিল না বলেও উল্লেখ করেন।
এদিকে রায়হানকে গ্রেপ্তারে অভিযান চালানোর সময় সোমবার রাত ১১টার দিকে চুঁরখারহাট বাজারে স্থানীয়দের সহযোগিতা চান হাটহাজারী ও ফটিকছড়ি সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ তারেক আজিজ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে হ্যান্ডমাইক হাতে তাঁকে স্থানীয়দের উদ্দেশে রায়হানের অবস্থান সম্পর্কে মসজিদের মাইকে ঘোষণা দেওয়ার আহ্বান জানাতে দেখা যায়। তিনি রায়হানকে জীবিত অবস্থায় গ্রেপ্তারের নির্দেশনার কথাও জানান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সুয়াবিল ইউনিয়নের চুঁরখারহাট বাজারে শফি মেম্বারের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, পশ্চিম সুয়াবিলের শোভনছড়ি এলাকা থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে বোরকা ও মুখোশ পরা চার থেকে পাঁচজন অস্ত্রধারী বাজারের মোড়ে এসে এলোপাতাড়ি গুলি ছোড়ে। পরে তারা অটোরিকশা নিয়ে চৌমুহনীর দিকে চলে যায়। সেখানেও ফাঁকা গুলি ছুড়ে হালদা নদী পার হয়ে সুন্দরপুরের দিকে পালিয়ে যায়।
গুলিতে পথচারী, ব্যবসায়ী ও অটোরিকশাচালকসহ ছয়জন আহত হন। তাঁরা হলেন জামাল উদ্দিন (৪৫), শওকত হোসেন (৩৫), মো. ইসমাইল (৩২), এনাম মুন্সি (৫৩), মো. ইউসুফ (৫৫) ও হাসেম (৩৫)। আহত সবাই সুয়াবিল ইউনিয়নের বাসিন্দা।
ঘটনার পর স্থানীয়রা অটোরিকশাচালক মো. জাবেদ হোসেনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। জাবেদের দাবি, নাজিরহাট ঝংকার মোড় থেকে পাঁচজন অপরিচিত ব্যক্তি শোভনছড়ি যাওয়ার কথা বলে তাঁর অটোরিকশা ভাড়া করেন। পরে অস্ত্রের মুখে জিম্মি করে তাঁকে তাঁদের নির্দেশনা অনুযায়ী গাড়ি চালাতে বাধ্য করেন।
অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ তারেক আজিজ জানান, সুয়াবিলের পাহাড়ি এলাকায় রায়হান ও তাঁর সহযোগীদের অবস্থানের তথ্য ছিল পুলিশের কাছে। এর আগে রোববার রাতেও ওই এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের তথ্য অনুযায়ী, রায়হানের বিরুদ্ধে হত্যা ও চাঁদাবাজিসহ ১৪টি মামলা রয়েছে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ । ৭:১২ রাত