২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬ www.24ghonta.news১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

ছিনতাইয়ের মামলা করেও রক্ষা নেই, ফের ছিনতাই-হামলার শিকার সাংবাদিক

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ । ৮:২২ রাত

রাজধানীতে ছিনতাইয়ের ঘটনায় থানায় মামলা করার পরও নিরাপত্তা পাননি দৈনিক কালের কণ্ঠের মাল্টিমিডিয়া বিভাগের বার্তা সম্পাদক গাউস রহমান পিয়াস। প্রথম ঘটনায় মামলা করার পর এবার অফিস থেকে বাসায় ফেরার পথে ছিনতাই ও হামলার শিকার হয়েছেন তিনি। এ সময় তাঁকে ছুরির ভয় দেখিয়ে হত্যার হুমকি দেওয়ার পাশাপাশি মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।

সাংবাদিক পিয়াসের ভাষ্য অনুযায়ী, গত ১৭ নভেম্বর সকাল ১১টার দিকে এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিমানবন্দর টোল প্লাজার সামনে প্রথমবার ছিনতাইয়ের শিকার হন তিনি। ওই দিনই বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে ২৩ নভেম্বর এ ঘটনায় থানায় মামলা দায়ের করেন।

কিন্তু মামলা করার পরদিন রাতেই আবারও হামলা ও ছিনতাইয়ের শিকার হন তিনি। গতকাল রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে অফিস থেকে বাসায় ফেরার সময় রাজধানীর ধানমণ্ডি ২৭ নম্বর সড়কের বিপরীত পাশে ধানমণ্ডি বয়েজ স্কুলের গেটের সামনে এ ঘটনা ঘটে। স্থানটি শেরেবাংলা নগর থানার আওতাধীন।

পিয়াস জানান, দ্বিতীয়বারের ঘটনায় দুর্বৃত্তরা তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এতে তিনি আহত হন। একপর্যায়ে ছুরি দেখিয়ে হত্যার হুমকি দিয়ে তাঁর সঙ্গে থাকা মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয় তারা।

এর আগে প্রথম ঘটনায় এক ছিনতাইকারী গাড়ি থেকে নেমে তাঁর মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় বলে জানান তিনি।

পরপর দুই দফা ছিনতাই ও হামলার ঘটনায় নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সাংবাদিক গাউস রহমান পিয়াস। প্রথম ঘটনায় মামলা করার পরও পুনরায় হামলার শিকার হওয়ায় পুলিশের ভূমিকা নিয়েও হতাশা প্রকাশ করেন তিনি।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন