২৪ ঘন্টা নিউজ
বুধবার ২৫ নভেম্বর ২০২৬ www.24ghonta.news১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নির্ধারিত মজুরি ১৭ হাজার টাকা প্রত্যাখ্যান, গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ । ১১:১৪ সকাল

তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের সিদ্ধান্ত মেনে নিতে না পেরে গাজীপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকেরা। বুধবার (২৫ নভেম্বর) সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে এ কর্মসূচি পালন করেন তারা।

সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড় এলাকায় শ্রমিকেরা সড়কে অবস্থান নিলে যান চলাচল ব্যাহত হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের সরিয়ে দেন।

একই দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা ও আনসার রোড এলাকাতেও সড়ক অবরোধ করেন শ্রমিকেরা। এসব এলাকায় উত্তেজনা দেখা দিলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

এর আগে মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে দীর্ঘ বৈঠক শেষে তৈরি পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করে নিম্নতম মজুরি বোর্ড। ছয় সদস্যের ভোটাভুটিতে চারজন ১৭ হাজার টাকা এবং দুজন ১৮ হাজার টাকার পক্ষে মত দেন। যদিও শ্রমিকপক্ষের প্রতিনিধিরা ন্যূনতম মজুরি ১৮ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছিলেন।

বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর থেকে নতুন মজুরিকাঠামো কার্যকর হওয়ার কথা রয়েছে। এতে গ্রেড-৪-এ ১৭ হাজার, গ্রেড-৩-এ ১৯ হাজার ২০০, গ্রেড-২-এ ২০ হাজার এবং গ্রেড-১-এ ২১ হাজার ৫০০ টাকা মজুরি নির্ধারণ করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন