২৪ ঘন্টা নিউজ
বুধবার ২৫ নভেম্বর ২০২৬ www.24ghonta.news১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ । ৬:২৪ সন্ধ্যা

২৪ হাজার ১১০ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে ১০টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। অনুমোদিত প্রকল্পের মধ্যে পাঁচটি নতুন, চারটি সংশোধিত এবং একটি প্রকল্পের মেয়াদ বাড়ানোর প্রস্তাব রয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়।

প্রকল্প ব্যয়ের মধ্যে সরকারি তহবিল থেকে ১২ হাজার ৭৭৫ কোটি ৯৯ লাখ, প্রকল্প ঋণ থেকে ৮ হাজার ৯৪৪ কোটি ২১ লাখ এবং সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে ২ হাজার ৩৯০ কোটি ৪৭ লাখ টাকা ব্যয় হবে।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে আট বিভাগীয় শহরে ক্যান্সার, হৃদরোগ ও কিডনি চিকিৎসাকেন্দ্র স্থাপন, চার জেলায় ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ, পাবনা-চট্টগ্রাম-কক্সবাজারের গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং ঢাকার পার্শ্ববর্তী ১৩টি পল্লী বিদ্যুৎ সমিতির বিতরণব্যবস্থার সক্ষমতা বৃদ্ধি।

এ ছাড়া চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিদ্যুৎ বিতরণব্যবস্থার আধুনিকায়ন এবং কক্সবাজারের পেকুয়ায় উপকূলীয় বাঁধ পুনর্বাসন প্রকল্প অনুমোদন পেয়েছে। পাশাপাশি নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুরের পল্লী অবকাঠামো উন্নয়নসহ কয়েকটি চলমান প্রকল্পের সংশোধনীও অনুমোদন দেওয়া হয়েছে।

অন্যদিকে ৫০ কোটি টাকার কম ব্যয়ের আরও সাতটি প্রকল্প সম্পর্কে সভায় অবহিত করা হয়। এসব প্রকল্প আগেই পরিকল্পনামন্ত্রী অনুমোদন করেছেন।

সভায় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিসহ সংশ্লিষ্ট মন্ত্রীরা উপস্থিত ছিলেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন