লিবিয়ায় ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে থাকা আরও ১৭৩ বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ দূতাবাসের প্রচেষ্টা এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় মানবিক সহায়তায় তাদের প্রত্যাবাসন করা হচ্ছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে বুরাক এয়ারের ইউজেড২২২ ফ্লাইটে তাদের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
ফেরত আসা বাংলাদেশিদের মধ্যে ত্রিপোলি থেকে ৭৭ জন এবং মিসরাতা থেকে ৯৬ জন রয়েছেন। তারা স্বেচ্ছায় দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। প্রত্যাবাসন প্রক্রিয়ায় থাকা এসব নাগরিকের মধ্যে ২৯ জন শারীরিকভাবে অসুস্থ।
লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক এবং দেশে ফিরতে ইচ্ছুক বাংলাদেশিদের নিরাপদে ফিরিয়ে আনতে কাজ করছে বাংলাদেশ দূতাবাস। এ কার্যক্রম বাস্তবায়নে লিবিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইওএমের সঙ্গে নিয়মিত যোগাযোগ এবং সমন্বয় বজায় রাখা হচ্ছে।
দূতাবাসের সর্বাত্মক প্রচেষ্টা ও আন্তর্জাতিক সংস্থার সহযোগিতায় ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে থাকা বাংলাদেশিদের নিরাপদ ও মানবিক প্রত্যাবাসন কার্যক্রম অব্যাহত রয়েছে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ । ১১:০১ সকাল