মুন্সীগঞ্জের মোল্লাকান্দিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে মো. সেলিম নামে একজন নিহত হয়েছেন। এ সময় মেঘনা নদী সাঁতরে পার হতে গিয়ে আলমগীর দেওয়ান নামে আরও একজন নিখোঁজ হয়েছেন। তার সন্ধানে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে সদর উপজেলার চরডুমুরিয়া ও সামারচর এলাকায় দুই পক্ষের মধ্যে গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সংঘর্ষে গুরুতর আহত সেলিমকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি চরডুমুরিয়া মোল্লাবাড়ির আমিনুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপি নেতা রহিম মোল্লা ও আওলাদ মোল্লার সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছে। গত সপ্তাহেও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছিল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ভোরে নতুন করে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। দুই নেতাই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তছলিম উদ্দিন জানান, সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে মোল্লাকান্দি ইউনিয়নে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। নিহতের মরদেহ সদর জেনারেল হাসপাতালে রাখা হয়েছে।
অন্যদিকে, সংঘর্ষের সময় মেঘনা নদী সাঁতরে পার হওয়ার চেষ্টা করে মাঝনদীতে নিখোঁজ হন আলমগীর দেওয়ান। মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সফিকুল ইসলাম জানান, নিখোঁজ ব্যক্তির সন্ধানে নদীতে উদ্ধার অভিযান চলছে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ । ১:০৮ দুপুর