২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ২৬ নভেম্বর ২০২৬ www.24ghonta.news১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ১৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

পাহাড়ে অস্ত্র তৈরি করতেন রায়হান, ছয় সহযোগী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ । ৫:৪৪ সন্ধ্যা

চট্টগ্রামের ফটিকছড়ির ভূজপুরে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী রায়হান ও তাঁর সহযোগীদের আস্তানায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। পৃথক অভিযানে ইতালির তৈরি পিস্তল, একনলা বন্দুক, ৩৪ রাউন্ড গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করা হলেও ধরাছোঁয়ার বাইরে রয়েছেন রায়হান।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. মাসুদ আলম।

পুলিশ জানায়, গত ২২ নভেম্বর থেকে সুয়াবিল ইউনিয়নের বিভিন্ন এলাকায় রায়হান ও তাঁর সহযোগীদের ধরতে অভিযান শুরু হয়। ২৩ নভেম্বর হাজীরখিল কোদালিয়া টিলার দুর্গম পাহাড়ে অভিযান চালিয়ে অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এসব সরঞ্জামের মধ্যে অস্ত্রের বাট, ট্রিগার, নল, স্প্রিং, ড্রিল ও গ্রাইন্ডার মেশিন ছিল।

পরবর্তী অভিযানে রায়হানের দুই সহযোগী এমরান হোসেন মাসুদ ও কাজী মো. সাইদুল ইসলাম সৌরভকে গ্রেপ্তার করা হয়। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরও তিনজনকে গ্রেপ্তার এবং বিভিন্ন স্থান থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তার অন্যরা হলেন ইকতিয়ার ফরহাদ, মহররম আলী ও জনার্দন দে। এ ছাড়া ঘটনার পর স্থানীয় লোকজনের হাতে আটক সিএনজিচালক জাবেদ হোসেনকেও গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে ইতালির তৈরি ৭.৬৫ এমএম পিস্তল, দুটি ম্যাগাজিন, ২২ রাউন্ড পিস্তলের গুলি, একটি একনলা বন্দুক ও ১২টি শটগানের কার্তুজ। এ ছাড়া দুটি খালি কার্তুজের খোসা, অস্ত্র তৈরির সরঞ্জাম ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

পুলিশের দাবি, রায়হানের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও অস্ত্র আইনে দেড় ডজনের বেশি মামলা রয়েছে। তাঁকে গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার মো. মাসুদ আলম।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন