২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ২৬ নভেম্বর ২০২৬ www.24ghonta.news১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ১৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

জুয়ার ঋণ শোধে নানিকে হত্যা, আদালতে নাতির স্বীকারোক্তি

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ । ৮:৪২ রাত

অনলাইন জুয়ায় আসক্তি থেকে তৈরি হওয়া ঋণের বোঝা নামাতে শেষ পর্যন্ত নিজের নানিকেই হত্যার অভিযোগ উঠেছে নাতি সিয়ামের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এ ঘটনায় তাকে গ্রেপ্তারের পর হত্যায় ব্যবহৃত ছুরি ও নিহতের স্বর্ণালংকার উদ্ধার করেছে পুলিশ। পরে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে সে।

পুলিশের তথ্যমতে, অনলাইন জুয়ায় আসক্ত হয়ে ঋণগ্রস্ত হয়ে পড়েছিল সিয়াম। সেই ঋণ পরিশোধের জন্য নানিকে হত্যার পরিকল্পনা করে সে। গত ২২ নভেম্বর বিকেল ৫টা ২৫ মিনিটে চাঁদপুর শহরের জোড়পুকুর পাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আওলাদ হোসেন রিকাবদার তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় সিয়ামের সংশ্লিষ্টতা শনাক্ত করেন। পুলিশের ভাষ্য অনুযায়ী, ঘটনার দিন বাসায় প্রবেশ করে বৃদ্ধার হাত-মুখ বেঁধে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে সে। এরপর স্বর্ণের চেইন, আংটি, কানের দুল ও মোবাইল ফোন নিয়ে যায়।

গ্রেপ্তারের পর সিয়ামের দেওয়া তথ্যের ভিত্তিতে ভবনের টয়লেটের পাইপ থেকে হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়। এ ছাড়া নুরুল্লাহপুরে তার নিজ বাড়ির শয়নকক্ষের আলমারির নিচ থেকে উদ্ধার করা হয় নিহতের স্বর্ণালংকার।

এ ঘটনায় নিহতের মেয়ে নাহিদা আক্তার চাঁদপুর সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

মায়ের মৃত্যুর খবর পেয়ে জাপান থেকে দেশে ফিরে এসেছেন ছেলে জুবায়ের খান। তিনি জানান, ঘটনার দিন বিকেল ৪টার দিকে মায়ের সঙ্গে তাঁর শেষ কথা হয়েছিল। এরপরই মাকে হারানোর খবর পান তিনি। এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার এবং জড়িত ব্যক্তির সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন জুবায়ের।

তিনি বলেন, গ্রামের বাড়ি ছেড়ে মাকে শহরে নিয়ে এসেছিলেন একটু নিরাপদে রাখার আশায়। কিন্তু সেই শহরেই মাকে নির্মমভাবে প্রাণ দিতে হলো। মায়ের সঙ্গে শেষ কথোপকথন এখন তাঁর কাছে এক গভীর বেদনার স্মৃতি হয়ে থাকবে।

এদিকে অভিযুক্ত সিয়ামের বাবা-মাও এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেছেন। তাঁদের বক্তব্য, অপরাধী যে-ই হোক, তাকে আইনের আওতায় এনে যথাযথ শাস্তি নিশ্চিত করতে হবে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন