২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ২৭ নভেম্বর ২০২৬ www.24ghonta.news১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ১৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

প্রবাসীদের মরদেহ দেশে আনতে অর্ধেক খরচ দেবে সরকার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬ । ৬:২২ সন্ধ্যা

বিদেশে কোনো বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হলে তাঁর মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যয়ের ৫০ শতাংশ বহনের পরিকল্পনা করছে সরকার। এ সংক্রান্ত প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন পেলে দ্রুতই কার্যকর করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে রাজধানীর মিরপুরে সিলেটের জালালাবাদ অ্যাসোসিয়েশন আয়োজিত একটি অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, লন্ডন, যুক্তরাষ্ট্র, কানাডাসহ ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশে বসবাসরত কোনো বাংলাদেশির মৃত্যু হলে তাঁর মরদেহ দেশে পাঠানোর মোট ব্যয়ের অর্ধেক সরকার বহন করার উদ্যোগ নিয়েছে। প্রস্তাবটি মন্ত্রিসভার অনুমোদন পেলে দ্রুত এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এ সময় বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে প্রতারণা ও অনিয়ম বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি। আরিফুল হক চৌধুরী বলেন, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে কর্মী পাঠানোর সময় কোনো রিক্রুটিং এজেন্সি অযোগ্য ব্যক্তিকে যোগ্য হিসেবে উপস্থাপন করলে এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে বাতিল করা হতে পারে তাদের লাইসেন্সও।

প্রবাসীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বিষয়েও সরকারের পরিকল্পনা তুলে ধরেন শ্রমমন্ত্রী। তিনি জানান, সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে প্রবাসী বাংলাদেশিদের অগ্রাধিকার দিয়ে চিকিৎসাসেবা প্রদানের উদ্যোগ নেওয়া হচ্ছে।

এ ছাড়া সিলেটের পর্যটনশিল্পের বিকাশের মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের আইনি সহায়তা দিতে ল’ফার্ম নিয়োগের পরিকল্পনার কথাও অনুষ্ঠানে তুলে ধরেন তিনি।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন