২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ২৭ নভেম্বর ২০২৬ www.24ghonta.news১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ১৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

চট্টগ্রামে ছাত্রলীগের ঝটিকা মিছিল, ধাওয়া পর আটক ২০

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬ । ৭:২৫ রাত

চট্টগ্রাম নগরের সিনেমা প্যালেস এলাকায় জুমার নামাজের পর ঝটিকা মিছিলের চেষ্টা করেছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় পুলিশ ও ছাত্রদল-যুবদলের নেতাকর্মীদের ধাওয়ায় মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে পড়েন। পরে অভিযান চালিয়ে ঘটনাস্থল ও আশপাশের এলাকা থেকে ২০ জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৭ নভেম্বর) জুমার নামাজের পর নগরের কোতোয়ালি থানার সিনেমা প্যালেস এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নামাজ শেষে ছাত্রলীগের একদল নেতাকর্মী সিনেমা প্যালেস এলাকায় জড়ো হয়ে মিছিল বের করেন। এ সময় তাঁদের ‘শেখ হাসিনা, শেখ হাসিনা, আইতাছে শেখ হাসিনা’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘বাংলাদেশ হাসবে, শেখ হাসিনা আসবে’সহ বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। মিছিলটি লালদীঘির পাড় হয়ে এগিয়ে যায়।

এর কিছুক্ষণ পর পুলিশ এবং ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা মিছিলকারীদের ধাওয়া করেন। ধাওয়ার মুখে তাঁরা ছত্রভঙ্গ হয়ে আশপাশের বিভিন্ন অলিগলিতে আশ্রয় নেন। পরে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে ২০ জনকে আটক করে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দক্ষিণ বিভাগের উপকমিশনার মো. হাবিবুর রহমান বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা সিনেমা প্যালেস এলাকায় মিছিল করার চেষ্টা করেছিলেন। তবে পুলিশের আগাম অবস্থানের কারণে তাঁরা মিছিল করতে পারেননি। পরে অভিযান চালিয়ে ঘটনাস্থল ও আশপাশের এলাকা থেকে ২০ জনকে আটক করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন