২৪ ঘন্টা নিউজ
শনিবার ২৮ নভেম্বর ২০২৬ www.24ghonta.news১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

সহিংসতা ও নাশকতা মোকাবিলায় প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ । ৩:০২ বিকাল

দেশের যেকোনো স্থানে সহিংসতা ও নাশকতার চেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, প্রয়োজনে জীবন উৎসর্গ করেও দেশের সম্পদ রক্ষা করবে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে গোপালগঞ্জের সহিংসতায় আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের সম্পদ রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সবসময় প্রস্তুত রয়েছেন। গোপালগঞ্জের ঘটনায় আহত অনেক পুলিশ সদস্য চিকিৎসা নিয়েছেন। তবে কয়েকজনের দীর্ঘমেয়াদি ও বিশেষায়িত চিকিৎসার প্রয়োজন হবে। আহতদের পুলিশ পদকসহ বিভিন্নভাবে পুরস্কৃত করা হবে বলেও জানান তিনি।

শ্রমিক অসন্তোষের সময় পুলিশ সদস্যদের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, ধৈর্য ও সংযমের পরিচয় দিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। নিজেরা গুরুতর আহত হলেও কোনো শ্রমিকের গায়ে হাত তোলেননি। তাদের এ ভূমিকা দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে।

দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কিছু শ্রমিক নামধারী ব্যক্তি নানা ধরনের পাঁয়তারা করছেন। তবে তাদের এসব চেষ্টা সফল হবে না। দেশের ভেতরে কী ঘটছে, সে বিষয়ে সরকার অবগত রয়েছে। যেকোনো ধরনের নাশকতা ও অস্থিরতা নির্মূলে সরকার বদ্ধপরিকর।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন