২৪ ঘন্টা নিউজ
শনিবার ২৮ নভেম্বর ২০২৬ www.24ghonta.news১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

দেড় দশকে পাচার হয়েছে ২৮ লাখ কোটি টাকা, দুর্বল করা হয় রাষ্ট্রীয় প্রতিষ্ঠান: রাষ্ট্রপতি

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ । ৩:১৮ বিকাল

গত ১৫ বছরের বেশি সময়ে বাংলাদেশ থেকে প্রায় ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে এবং পরিকল্পিতভাবে দুর্বল করা হয়েছে দেশের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো। স্বৈরাচারী শাসনামলে সুশাসনের অভাব ও দুর্নীতির কারণে দেশের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর রেডিসন ব্লু হোটেলে সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টসের (সাফা) সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, গত ১৫ বছরের বেশি সময়ে দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল ও ধ্বংস করা হয়েছিল। একই সময়ে অর্থনীতিকে দুর্নীতির দুষ্টচক্রের হাতে ঠেলে দেওয়া হয়।

২০২৪ সালের বাংলাদেশের অর্থনীতির শ্বেতপত্রের তথ্য উল্লেখ করে তিনি জানান, ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত দেশ থেকে প্রায় ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার পাচার হয়েছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২৮ লাখ কোটি টাকা। বছরে গড়ে ১৬ বিলিয়ন ডলার পাচার হয়েছে, যা জিডিপির প্রায় ৩ দশমিক ৫ শতাংশ।

ব্যাংকিং খাতের সংকট তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, ২০২৬ সালের জুন শেষে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৬ লাখ ৭ হাজার কোটি টাকা, যা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশ। প্রকৃত আর্থিক সংকট চিহ্নিত করতে ঋণ শ্রেণিকরণের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি।

তিনি বলেন, অর্থপাচার প্রতিরোধ, ব্যাংকিং জালিয়াতি বন্ধ এবং আইনসম্মত উপায়ে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে সরকার পদক্ষেপ নিচ্ছে। দেশের আর্থিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা, পুঁজিবাজার শক্তিশালী করা এবং বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে আন্তর্জাতিক মানের নির্ভরযোগ্য আর্থিক প্রতিবেদন নিশ্চিত করতে হবে।

সরকারি খাতে জবাবদিহি, স্বচ্ছতা ও সুশাসন জোরদারের ওপর গুরুত্ব দিয়ে রাষ্ট্রপতি বলেন, সরকারি ব্যয় এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে স্বচ্ছ হিসাব নিশ্চিত করা প্রয়োজন।

দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতার প্রসঙ্গে তিনি বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ অঞ্চলের দেশগুলোর মধ্যে পারস্পরিক আস্থা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলার স্বপ্ন দেখেছিলেন। ১৯৯১ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ঢাকায় সাফা সম্মেলনের উদ্বোধনের মাধ্যমে সেই আঞ্চলিক সহযোগিতার ঐতিহ্যকে আরও শক্তিশালী করেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন