মালয়েশিয়ার অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির কারণে স্থগিত হয়েছে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফর। আগামী ৭ ও ৮ ডিসেম্বর দুই দিনের সফরে তাঁর বাংলাদেশে আসার কথা ছিল।
শনিবার (২৮ নভেম্বর) কুয়ালালামপুরের কূটনৈতিক সূত্র এ তথ্য জানিয়েছে।
সূত্র জানায়, সফর স্থগিতের বিষয়ে শুক্রবার (২৭ নভেম্বর) বাংলাদেশকে কূটনৈতিক চিঠি পাঠিয়েছে মালয়েশিয়া। দেশটির জোট সরকারের অন্যতম শরিক দল ডিএপি সরকারের প্রতি সমর্থন প্রত্যাহারের ঘোষণা দেওয়ায় রাজনৈতিক সংকট তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে সফরটি আপাতত স্থগিত করা হয়েছে।
কূটনৈতিক চিঠিতে বলা হয়েছে, সফরের নতুন তারিখ পরে বাংলাদেশকে জানানো হবে। দুই দেশের সুবিধাজনক সময় অনুযায়ী পরবর্তী সময়ে সফরটি পুনর্নির্ধারণ করা হবে।
এর আগে গত ২২ নভেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রজ্ঞাপনে আনোয়ার ইব্রাহিমের ৭-৮ ডিসেম্বর বাংলাদেশ সফরের বিষয়টি নিশ্চিত করা হয়েছিল। সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অভিবাসী শ্রমিক, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি ও প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনার কথা ছিল।
উল্লেখ্য, গত জুনে আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে মালয়েশিয়া সফর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ । ১১:৩৬ রাত