দেশের সার্বিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং মাজার-মসজিদে হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। একই সঙ্গে মব সৃষ্টি ও জঙ্গিগোষ্ঠীর অপতৎপরতা বন্ধে সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
শনিবার (২৮ নভেম্বর) চাঁদপুরে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনার সাবেক ও বর্তমান নেতাকর্মীদের প্রীতি সমাবেশ এবং জেলা ইসলামী ফ্রন্টের দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে অধ্যক্ষ আল্লামা মুফতি রফিকুল ইসলাম আল কাদেরীকে সভাপতি, মুহাম্মদ হুমায়ুন কবিরকে সাধারণ সম্পাদক, গাজী মুহাম্মদ আবদুর রাহিমকে সাংগঠনিক সম্পাদক এবং মুহাম্মদ ফখরুদ্দীনকে অর্থ সম্পাদক মনোনীত করা হয়।
জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ আল্লামা মুফতি রফিকুল ইসলাম আল কাদেরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য আল্লামা আবু সুফিয়ান খান আবেদী। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আলহাজ গোলাম মাহমুদ ভূঁইয়া মানিক, কেন্দ্রীয় প্রচার সচিব মাস্টার মুহাম্মদ আবুল হোসাইন ও ঢাকা মহানগর সভাপতি মাহমুদ মোস্তফা জিলানী।
কেন্দ্রীয় সাংগঠনিক সচিব অ্যাডভোকেট কাজী মুহাম্মদ ইসলাম উদ্দীন দুলাল প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। জেলা সাধারণ সম্পাদক হুমায়ুন কবির স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সাংগঠনিক সম্পাদক গাজী মুহাম্মদ আবদুর রাহিম।
বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য মাওলানা শাহ আলমগীর হোসেন, ছাত্রসেনার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এইচ এম ওবাইদুল্লাহ, সাবেক সভাপতি মুহাম্মদ ছাদেকুর রহমান খান, চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ খোরশেদুল আলম, যুবসেনার জেলা সভাপতি মুহাম্মদ নবাব খান এবং ছাত্রসেনার জেলা সভাপতি মুহাম্মদ গিয়াস উদ্দিন ও সাধারণ সম্পাদক রুভেল হোসেনসহ অন্য নেতারা।
সমাবেশে নেতারা জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপ দাবি করেন। পাশাপাশি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, মাজার ও মসজিদে হামলার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা এবং মব সৃষ্টি ও জঙ্গিগোষ্ঠীর তৎপরতা বন্ধে সরকারের কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
নেতারা বলেন, তৃণমূল পর্যায়ে সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং যোগ্য নেতৃত্ব তৈরির মাধ্যমে দেশপ্রেমিক ও সুশৃঙ্খল কর্মীবাহিনী গড়ে তুলে মানবিক কল্যাণে কাজ করতে চায় বাংলাদেশ ইসলামী ফ্রন্ট।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬ । ১০:০৫ সকাল