চট্টগ্রামের আনোয়ারায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪৮ ঘণ্টার কর্মসূচিকে ঘিরে উপজেলার বিভিন্ন ইউনিয়নে মশাল মিছিল, সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বিএনপি ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ায় কয়েকজন আহত হয়েছেন। এসব ঘটনায় আবারও আলোচনায় এসেছেন সাবেক ভূমিমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।
শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত উপজেলার বরুমছড়া, রায়পুর ও হাইলধর ইউনিয়নের বিভিন্ন এলাকায় মশাল মিছিল করেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। স্থানীয়দের দাবি, এসব মিছিলে জাবেদের অনুসারীরা অংশ নেন। মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
হাইলধর ইউনিয়নের মালঘর বাজারে মিছিলকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে প্রথমে উত্তেজনা, পরে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। এ সময় কাচের বোতল নিক্ষেপ এবং কয়েকটি দোকানে ভাঙচুরের ঘটনা ঘটে।
সংঘর্ষে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন ছাত্রদলের সাবেক নেতা আজগর, আলফাজুর রহমান আরিফ, আনিসুর রহমান আরাফাত ও স্বেচ্ছাসেবক দলের নেতা হাসান।
এ ছাড়া রায়পুর ইউনিয়নের ওয়াহেদ আলীর হাট ও বরুমছড়া ইউনিয়নের ছমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকাতেও মশাল মিছিলের খবর পাওয়া গেছে। পরে বিভিন্ন এলাকায় পাল্টা মিছিল করেন বিএনপির নেতা-কর্মীরা।
আনোয়ারা থানার ওসি জুনায়েত চৌধুরী জানান, মিছিল বের করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মাহমুদুল হাসান জানান, সাবেক ভূমিমন্ত্রীর বাড়ির আশপাশে দুই পক্ষের মধ্যে সামান্য বাদানুবাদ হয়েছিল। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও পর্যালোচনা করে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬ । ৩:০১ বিকাল