গোপালগঞ্জ সদর উপজেলার বনগ্রামে দুপক্ষের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ ও গোলাগুলিতে রনি হাওলাদার (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে এ সংষর্ষের ঘটনা ঘটে।
নিহত রনি বনগ্রাম পূর্বপাড়া এলাকার আনোয়ার শেখের ছেলে। রনি এ বছরে বলাকইড় আজাহারিয়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার্থী ছিল।
গোপালগঞ্জ সদর থানার ওসি মনিরুল ইসলাম জানান, ওই গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে মোল্লা বংশের ইউসুফ মোল্লা ও শেখ বংশের আজিজুর শেখের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল। এর জেরে বৃহস্পতিবার সকালে শেখ বংশের কয়েকজন সমর্থক মোল্লা বংশের রহিম মোল্লাকে মারধর করে। এ খবর এলাকায় ছড়িয়ে পড়েলে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংষর্ষে লিপ্ত হয়। সংষর্ষে চলাকালে মোল্লা বংশের লোকজন আজিজুর শেখের বাড়ি ঘিরে ফেলে। এ সময় আজিজুর শেখ গুলি চালালে গুলিবিদ্ধ হয়ে রনি হাওলাদার ঘটনাস্থলে নিহত হয়। এ সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।
আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২০ । ১২:৩৭ দুপুর