২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানা এলাকার জলসা মার্কেটে অভিযান চালিয়ে ৪২টি চোরাই মোবাইলসহ মোহাম্মদ হোসাইন(২২) নামে এক দোকান মালিককে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ।
আজ রবিবার (৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় জলসা শপিং কমপ্লেক্সের হুসাইন মোবাইল শপে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতার হোসাইন ভোজপুরের চাঁনপুর থানার রফিকুল ইসলামের ছেলে বলে জানা গেছে।
তথ্যটি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মহসীন। তিনি বলেন, হোসাইনকে গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তার বেশ কয়েকজন সহযোগীর নাম প্রকাশ করেছে।
হোসাইন জানিয়েছে তারা পরস্পরের যোগসাজশে দীর্ঘদিন ধরে ঢাকা থেকে চুরি হওয়া মোবাইল সেট পাইকারি দরে ক্রয় করে জলসা মার্কেটস্থ হুসাইন শপে বসে চট্টগ্রামসহ জেলার বিভিন্ন দোকানদারদের কাছে অধিক মূল্যে বিক্রয় করে আসছে।
তাদের এ চক্রটি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পেও মোবাইল সরবরাহ করে থাকে জানিয়ে গ্রেফতার হোসাইনের বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে জানালেন ওসি মো. মহসীন।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২০ । ৬:২৭ সন্ধ্যা