২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি ২০২০ www.24ghonta.news২৯ মাঘ ১৪২৬ বঙ্গাব্দ১৭ জমাদিউস সানি ১৪৪১ হিজরি

পাহাড়ি জমি কেটে রাস্তা, স্থাপনা ও সীমানা দেয়াল নির্মাণ : গ্রেফতার ৭, জরিমানা

পাহাড় কেটে রাস্তা স্থাপনা
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২০ । ৮:০৮ রাত

২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর পশ্চিম খুলশী এলাকার ‘খুলশী গার্ডেন ভিউ হাউজিং সোসাইটি এলাকায় সরকারি পাহাড়ি জমি কেটে তৈরি করা হচ্ছে রাস্তা। নির্মাণ করা হচ্ছে স্থাপনা ও সীমানা দেয়াল।

গোপন তথ্যে এমন অভিযোগ পেয়ে আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টায় অভিযানে যায় পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম এর একটি ভ্রাম্যমান টিম। অভিযানে ৭ শ্রমিককে গ্রেফতারের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন চন্দ্র রায়।

তিনি জানান, পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়া সরকারি পাহাড়ি জমি কেটে একদল শ্রমিক ডেইরি ফার্ম স্থাপনসহ বিভিন্ন স্থাপনা নির্মাণের অভিযোগ পেয়ে মঙ্গলবার অভিযান চালানো হয়।

এসময় ৭ শ্রমিককে গ্রেফতার করা হয়েছে। পরিবেশ আইনের নানা বিধি ভঙ্গের দায়ে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে অভিযানে।

তিনি আরো বলেন, গ্রেফতার শ্রমিকদের জিজ্ঞাসাবাদ করে পাহাড় কাটার সাথে জড়িত বেশ কয়েকজনের নাম ও তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে মামলা দায়েরের ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও তিনি জানান।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন