২৪ ঘন্টা নিউজ
সোমবার ৭ অক্টোবর ২০১৯ www.24ghonta.news২২ আশ্বিন ১৪২৬ বঙ্গাব্দ৮ সফর ১৪৪১ হিজরি

বুয়েটের হলে ছাত্রকে পিটিয়ে হত্যা

buet
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৭ অক্টোবর, ২০১৯ । ১১:১৫ সকাল

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেরে বাংলা হলে এক শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা করা হ‌য়ে‌ছে। রবিবার রাতে হলের দ্বিতীয়তলা থেকে এই ছাত্রের মরদেহ উদ্ধার করে বুয়েট কর্তৃপক্ষ। এই হত্যাকাণ্ডের সঙ্গে কে বা কারা জড়িত তা এখনো জানা যায়নি।

নিহত শিক্ষার্থীর নাম আবরার ফাহাদ। তিনি ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। তার গ্রা‌মের বা‌ড়ি কু‌ষ্টিয়ার কুমারখালীতে।

রবিবার রাত ২টার দিকে এই ঘটনা ঘটে। পরে সকাল সাড়ে ৬টার দিকে কর্তৃপক্ষ ও সাধারণ ছাত্ররা ফাহাদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

আবরা‌রের রুম‌মেট সৈকত ব‌লেন, সন্ধ্যা সাতটা থে‌কে আটটার মধ্যে আবরার‌কে কে বা কারা রুম থে‌কে ডে‌কে নি‌য়ে যায়। এরপর আর কিছুই জা‌নি না। প‌রে রাত দুইটার দিকে তার লাশ পাওয়া যায়।

বুয়েট মেডিকেল অফিসার মো. মাশুক ইলাহী রাত তিনটায় আবরারকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, রাত্রিকালীন ডিউটিতে ছিলেন। খবর পেয়ে শেরে বাংলা হলে গিয়ে ফাহাদকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে নিজে পরীক্ষা করে দেখেন তিনি মারা গেছেন। তার শরীরে অনেকগুলো আঘাতের চিহ্ন দেখা গেছে।পরে বুয়েট কর্তৃপক্ষ ও পুলিশকে বিষয়টি জানানো হয়।

চকবাজার থানার এসআই দেলোয়ার হোসেন জানান, বুয়েটছাত্রের লাশ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আবরার ফাহাদের বাড়ি কুষ্টিয়ার কুমারখালীতে। তার বাবার নাম বরকতুল্লাহ। তিনি বুয়েটের শেরে বাংলা হলের ১০১১ নম্বর রুমে থাকতেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন