২৪ ঘন্টা নিউজ
বুধবার ১৯ ফেব্রুয়ারি ২০২০ www.24ghonta.news৭ ফাল্গুন ১৪২৬ বঙ্গাব্দ২৫ জমাদিউস সানি ১৪৪১ হিজরি

করোনা ভাইরাস: হংকংয়ে দ্বিতীয় ব্যক্তির মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২০ । ৪:০৪ বিকাল

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবে আক্রান্তদের মধ্যে হংকংয়ে দ্বিতীয় ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার হংকংয়ের প্রিন্সেস মার্গারেট হাসপাতালে তার মৃত্যু হয়।

হাসপাতালটির মুখপাত্র জানান, ৭০ বছর বয়সী ওই রোগীর শারীরিক অবস্থার অবনতি হওয়ার পর বুধবার সকাল ৭টায় (স্থানীয় সময়) তিনি মারা যান।

ডায়াবেটিস ও কিডনির সমস্যায় ভোগা এ রোগীর মৃত্যুর সঠিক কারণ এখনো নির্ধারিত হয়নি বলে জানিয়েছেন হাসপাতালটির চিকিৎসা কর্মীরা।
স্থানীয় সময় বিকালে হংকংয়ের স্বাস্থ্য বিভাগ ও হাসপাতাল কর্তৃপক্ষ এক যৌথ সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরবে বলে জানিয়েছে মর্নিং পোস্ট।

আগে প্রকাশিত তথ্যানুযায়ী, ওই ব্যক্তি হংকংয়ের কাওয়াই চুং এলাকার একটি বাড়িতে একাই বাস করতেন। ২ ফেব্রুয়ারি অসুস্থ হওয়ার ১০ দিন পর তাকে প্রিন্সেস মার্গারেট হাসপাতালে ভর্তি করা হয়। ১৪ ফেব্রুয়ারি তিনি নতুন করোনাভাইরাসে আক্রান্ত বলে নিশ্চিত করা হয়, তখনই তার অবস্থা সংকটজনক ছিল। ২২ জানুয়ারি তিনি এক দিনের সফরে চীনের মূলভূখণ্ডে গিয়েছিলেন।

হংকংয়ে নতুন করোনাভাইরাসে মৃত্যুর প্রথম ঘটনা ঘটে ৪ ফেব্রুয়ারি। ওই দিন ৩৯ বছর বয়সী এক ব্যক্তি মারা যান, তিনিও ডায়াবেটিসের রোগী ছিলেন।

চীন শাসিত হংকংয়ে এ পর্যন্ত ৬২ জন নতুন ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন এবং তাদের মধ্যে দুজনের মৃত্যু হলো।

বুধবার প্রকাশিত হওয়া সবশেষ তথ্য অনুযায়ী, চীনে এখন পর্যন্ত ২ হাজার ৪ জন মারা গেছে কোভিড-১৯ ভাইরাসের সংক্রমণে। চীনের মূল ভূখণ্ডে এখন পর্যন্ত ৭৪ হাজার ১৮৫ জনের মধ্যে এই ভাইরাস সংক্রমণের বিষয়ে নিশ্চিত হওয়া গেছে এবং আরো বেশ কয়েকটি দেশে আরও ৭০০ জনের মধ্যে সংক্রমিত হয়েছে এই ভাইরাস।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন