ভারতের প্রখ্যাত অভিনেতা কমল হাসান এবং রাকুল প্রীত অভিনীত ছবি ‘ইন্ডিয়ান ২’ ছবির সেটে ক্রেন ভেঙে পড়ে তিনজন মারা গেছে। আহত প্রায় দশ জনের অবস্থাও আশঙ্কাজনক। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার রাত সাড়ে ৯টা নাগাদ ১৫০ ফুট উচু ক্রেনের উপরে থাকা লাইটের সেটআপ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে।
প্রথমে জানা গিয়েছিল ছবির পরিচালক শঙ্কর গুরুতর আহত হয়েছেন। কিন্তু পরে জানা যায়, অল্পের জন্য রক্ষা পেয়েছেন তিনি। শঙ্কর অক্ষত থাকলেও তাঁর ব্যক্তিগত সহকারী মধু (২৯) এবং সহকারী পরিচালক কৃষ্ণর (৩৪) ঘটনাস্থলেই মৃত্যু হয়।
শুটিংয়ের সময় কমল হাসানও সেখানে ছিলেন। তিনিই তত্পর হয়ে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। হাসপাতালে ১০ জনকে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, ছবির গুরুত্বপূর্ণ একটি দৃশ্যের শুটিং চলার সময় এই দুর্ঘটনা ঘটে। কমল হাসান অভিনীত মেগা বাজেটের এই ছবির প্রযোজক লাইকা প্রোডাকশনস। একাধিক ভাষায় ছবিটি রিলিজ হওয়ার কথা রয়েছে। ২০১৮ সাল থেকে ‘ইন্ডিয়ান ২’র শুটিং শুরু হলেও নানা সমস্যার কারণে ছবিটির কাজ এখনও শেষ হয়নি।
কমল হাসান ছাড়াও এই ছবিতে রয়েছেন কাজল আগারওয়াল, সিদ্ধার্থ, রাকুলপ্রীত সিং প্রমুখ।
শোক প্রকাশ করে টুইটারে কমল হাসান লিখেছেন, জীবনে অনেক দুর্ঘটনার সম্মুখীন হতে হয়েছে। কিন্তু আজকের ঘটনা সব কিছুকে ছাপিয়ে গিয়েছে। তিনজন সহকর্মীকে হারালাম। তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২০ । ৯:৫৫ সকাল