সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আরও অন্তত ১৫ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে রায়গঞ্জের ভূইয়াগাঁতিতে এ ঘটনা ঘটে।তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।
ফায়ার সার্ভিস জানায়, ঢাকা-বগুড়া মহাসড়কের ভুইয়াগাঁতী এলাকায় সিরাজগঞ্জ থেকে বগুড়াগামী একটি যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত হয়। আহত হয় অন্তত আরো ১৫ যাত্রী।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠায়। নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তব্যরত চিকিৎসক।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রায়গঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২০ । ১:১৯ দুপুর