২৪ ঘন্টা নিউজ
সোমবার ২ মার্চ ২০২০ www.24ghonta.news১৯ ফাল্গুন ১৪২৬ বঙ্গাব্দ৮ রজব ১৪৪১ হিজরি

টেকনাফে ইয়াবা ব্যবসায়ী নিহত, দেড় লাখ ইয়াবা উদ্ধার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২ মার্চ, ২০২০ । ১০:৩১ সকাল

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে অজ্ঞাত এক মাদক কারবারী নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে অবৈধ অস্ত্র ও দেড় লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

টেকনাফ বিজিবি-২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, আজ সোমবার ভোরে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের নয়াপাড়া বিওপির বিশেষ একটি টহল দল মাদকের চালান আসার সংবাদ পেয়ে জাদিমুরা খালসংলগ্ন পয়েন্টে অবস্থান নেয়। কিছুক্ষণ পর মাদকের চালান নিয়ে নৌকাযোগে কয়েকজন ব্যক্তি কিনারায় উঠে পালিয়ে যাওয়ার সময় বিজিবি জওয়ানরা চ্যালেঞ্জ করলে মাদক কারবারীরা বিজিবি জওয়ানদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে।

এ সময় বিজিবির তিন জওয়ান আহত হন। বিজিবি জওয়ানরা সরকারি সম্পদ এবং নিজের প্রাণ রক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করার কিছুক্ষণ পর পরিস্থিতি শান্ত হলে ঘটনাস্থল তল্লাশি করে দেড় লাখ পিস ইয়াবা, একটি দেশীয় অস্ত্র, দুটি কার্তুজসহ গুলিবিদ্ধ অজ্ঞাত এক ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য টেকনাফ উপজেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে আহত বিজিবি জওয়ানদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং গুলিবিদ্ধ অজ্ঞাত মাদক কারবারীকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃতদেহ মর্গে পাঠানো হয়েছে।

টেকনাফ বিজিবি-২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান এই মাদকবিরোধী অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, সরকারি কাজে বাধা প্রদান এবং মাদক পাচারে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন