২৪ ঘন্টা নিউজ
বুধবার ৪ মার্চ ২০২০ www.24ghonta.news২১ ফাল্গুন ১৪২৬ বঙ্গাব্দ১০ রজব ১৪৪১ হিজরি

আশুগঞ্জে ডিউটিরত অবস্থায় ট্রাকচাপায় পুলিশ সদস্য নিহত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৪ মার্চ, ২০২০ । ১০:৪৩ সকাল

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ডিউটিরত অবস্থায় ট্রাকচাপায় সৈয়দ হোসেন (৫৮) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।

বুধবার ভোরে আশুগঞ্জ উপজেলার খড়িয়ালা বাসস্ট্যান্ডের পূর্বপাশে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সৈয়দ হোসেন আশুগঞ্জ থানায় পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। সে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানার পূর্ব কোদালা এলাকার মীর আহাম্মদের ছেলে।

এ ব্যাপারে আশুগঞ্জ থানার ওসি মো. জাবেদ মাহমুদ জানান, রাতে উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলামসহ পুলিশ কনস্টেবল সৈয়দ হোসেন, হিমেল বড়ুয়া, আবুল হাসনাত ও চালক আবুল কালাম পুলিশভ্যান নিয়ে রাত্রীকালীন (মোবাইল-২) রণপাহাড়ায় আশুগঞ্জ টোলপ্লাজা হতে বগইর মোজাহিদ পেট্রলপাম্প পর্যন্ত ডিউটি করার জন্য বের হন।

ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের খড়িয়ালা বাসস্ট্যান্ড এলাকায় প্রকৃতির ডাকে সাড়া দিতে রাস্তার পাশের একটি মসজিদে যাওয়ার পথে মহাসড়ক পার হচ্ছিলেন সৈয়দ হোসেন।

এ সময় একটি মালবাহী ট্রাক তাকে চাপা দেয়। এতে কনস্টেবল সৈয়দ হোসেন ঘটনাস্থলেই মারা যান।

নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সৈয়দ হোসেনকে চাপা দিয়ে বেপরোয়া ট্রাকটি দ্রুত পালিয়ে যাওয়ার কারণে ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি। ঘাতক ট্রাকটিকে আটকের চেষ্টা চলছে বলেও জানান ওসি।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন