২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ৫ মার্চ ২০২০ www.24ghonta.news২২ ফাল্গুন ১৪২৬ বঙ্গাব্দ১১ রজব ১৪৪১ হিজরি

দশম শ্রেণি পর্যন্ত বিভাগ থাকবে না : শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২০ । ৮:২৮ রাত

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, নতুন যে শিক্ষা কারিকুলাম হচ্ছে তাতে দশম শ্রেণি পর্যন্ত ভিন্ন কোনো বিভাগ থাকবে না। ইতোমধ্যে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়ে দিয়েছেন। সে অনুযায়ী কারিকুলাম পরিমার্জন কাজ চলছে। নতুন কারিকুলাম যখন থেকে বাস্তবায়িত হবে তখন থেকে একাদশ শ্রেণির আগে আর কোনো বিভাগ থাকবে না।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে চাঁদপুর সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, নোট বই, গাইড বই যেগুলো চলার কথা নয়, সেগুলো আর থাকবে না। এগুলো কেনার জন্য কোনো শিক্ষার্থীকে চাপ প্রয়োগ করা যাবে না। তবে ৩৩ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের একার পক্ষে নজরদারী করা সম্ভব নয়। এ জন্য মিডিয়াসহ সকলের সহযোগিতা প্রয়োজন।

তিনি বলেন, শিক্ষার্থীদের জন্য সহায়ক বই থাকতে পারে। কারণ সারা বিশ্বে সহায়ক বইয়ের প্রচলন আছে। তবে তা অনুমোদিত হতে হবে। শিক্ষা আইন প্রনীত হলেই এ নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না।

ডা. দীপু মনি বলেন, ‘নোটবই , গাইডবই যেগুলো চলার কথা না, সেগুলোর জন্য যেন কেউ শিক্ষার্থীদের বাধ্য না করে। সেদিক থেকে আমাদের দিক থেকে যেমন নজরদারি করার চেষ্টা করছি, কিন্তু ৩৩ হাজারের বেশি শিক্ষাপ্রতিষ্ঠানে নজরদারি করা শিক্ষা মন্ত্রণালয়ের একার পক্ষে সম্ভব না।’

তিনি আরো বলেন, ‘সহায়ক বই পৃথিবীর সব জায়গায়ই থাকে। সেই সহায়ক বই হতে হবে অনুমোদিত। আমরা সে বিষয়গুলো আমাদের শিক্ষা আইনে নিয়ে আসছি। সেগুলো যখন শিক্ষা আইনটি প্রণীত হয়ে যাবে। তারপর এ বিষয়গুলো নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না বলে আমি বিশ্বাস করি।’

তিনি আরো বলেন, ‘সহায়ক বই বিষয়ে যে শিক্ষা আইন আসছে তাতে সুষ্পষ্ট বিধান থাকবে তারপরে আমরা আশা করি যে, এ বিষয়টি পুরোপুরি মীমাংসিত হবে।’

এর আগে মন্ত্রী শহরের পুরানবাজার ডিগ্রি কলেজ এবং চাঁদপুর সরকারি মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

এ সময় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. সৈয়দ মো. গোলাম ফারুক, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন