২৪ ঘন্টা নিউজ
শনিবার ৭ মার্চ ২০২০ www.24ghonta.news২৪ ফাল্গুন ১৪২৬ বঙ্গাব্দ১৩ রজব ১৪৪১ হিজরি

খালেদা জিয়ার ‘জীবিত অবস্থায়’ মুক্তি নিয়ে শঙ্কায় বোন সেলিমা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৭ মার্চ, ২০২০ । ৬:২৩ সন্ধ্যা

কারাবন্দি ও চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জীবিত অবস্থায় মুক্তি পাবেন কি-না এমন শঙ্কা প্রকাশ করেছেন তাঁর মেঝ বোন সেলিমা ইসলাম। মানবিক বিবেচনায় সাবেক এই প্রধানমন্ত্রীর মুক্তি দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (৭ মার্চ) বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন কারাবন্দি বেগম জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সামনে এ আহ্বান জানান তিনি।

সেলিমা ইসলাম বলেন, ‘উনার (খালেদা জিয়া) স্বাস্থ্যের অবস্থা আগের মতনই আছি। কোন কিছুর পরিবর্তন হয়নি। শ্বাস কষ্টের কারণে উনি নিঃশ্বাস নিতে পারছেন না। তাঁর বাম হাতটা সম্পূর্ণ বেঁকে গেছে। সোজা হয়ে দাঁড়াতে পারছেন না, খেতে পারছে না, খেলে বমি হয়ে যাচ্ছে।’

খালেদা জিয়ার মামলার সর্বশেষ যে জামিন আবেদন করা হয়েছে সে বিষয়ে তিনি সবকিছু জানেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে সেলিম ইসলাম বলেন, ‘উনি এসব বিষয়ে সব কিছু জানেন। আমরা মনে করি- মানবিক কারণে তাঁকে মুক্তি দেয়া উচিত। তাঁর স্বাস্থ্যের অবস্থা খুবই খারাপ।’

তিনি বলেন, ‘এতকিছুর পরেও আমরা তাকে জীবিত অবস্থায় হাসপাতাল থেকে নিয়ে যেতে পারবো কি-না সেটা নিয়ে সন্দিহান। আমরা তো বলছি সরকার অন্তত মানবিক দিকটা বিবেচনা করে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিক।’

এর আগে বিকেল ৩টার দিকে বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করতে আসেন তাঁর পরিবারের সদস্যরা। এসময় তাঁর মেঝ বোন সেলিম ইসলাম ছাড়াও আরও উপস্থিত ছিলেন ভাই শামীম ইস্কান্দার, ভাইয়ের স্ত্রী কানিজ ফাতেমা, ভাতিজা অভিক ইস্কান্দার, ভাগ্নি সামিয়া ইস্কান্দার।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদারও উপস্থিত ছিলেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন