২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ২৪ মার্চ ২০২০ www.24ghonta.news১০ চৈত্র ১৪২৬ বঙ্গাব্দ৩০ রজব ১৪৪১ হিজরি

বান্দরবানের লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়ি লকডাউন

বান্দরবান জেলার তিন উপজেলা লকডাউন
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২০ । ১০:২৫ রাত

২৪ ঘন্টা ডট নিউজ। বান্দরবান প্রতিনিধি : করোনা ভাইরাসের (করোনা-১৯) প্রাদুর্ভাব ঠেকাতে বান্দরবান জেলার তিনটি উপজেলাকে লকডাউন ঘোষণা করেছে প্রশাসন।

পার্শ্ববর্তী কক্সবাজারের চকরিয়া উপজেলায় করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হওয়ায় পরিস্থিতি মোকাবেলায় জেলার লামা, আলীকদম এবং নাইক্ষ্যংছড়ি উপজেলাকে লকডাউন ঘোষণা করে প্রশাসন।

আজ মঙ্গলবার রাত ৮টা থেকে তা কার্যকর হচ্ছে জানিয়ে বান্দরবানের জেলা প্রশাসক মো. দাউদুল ইসলাম বলেন, বান্দরবান জেলায় এখনও কোনো রোগী শনাক্ত হয়নি।

তবে বান্দরবানের তিনটি উপজেলার পার্শ্ববর্তী কক্সবাজারের চকরিয়ায় করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হওয়ায় পরিস্থিতি মোকাবেলায় বান্দরবান জেলার লামা, আলীকদম এবং নাইক্ষ্যংছড়ি ৩টি উপজেলা লকডাউন ঘোষণা করা হয়েছে। তবে লামার সঙ্গে আলীকদম উপজেলার যোগাযোগ ব্যবস্থা সীমিত পরিমাণে খোলা থাকবে।

আপাতত পরিস্থিতি অনেকটা স্বাভাবিক রয়েছে জানিয়ে তিনি বলেন, পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনে সবগুলো উপজেলা লকডাউন করা হবে। ইতিমধ্যে বান্দরবান জেলার সাতটি উপজেলায় সেনাবাহিনী মাঠে নেমেছে। ওষুধের দোকান, মুদি দোকান ছাড়া অন্যসব ধরনের দোকানপাট বন্ধ করে দেয়া হয়েছে।

এ দিকে মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সেনাবাহিনী, পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনের কর্তাব্যক্তিদের মধ্যে একটি সমন্বয় সভা হয়েছে। সেখানে কয়েকটি সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সিদ্ধান্তগুলো হচ্ছে দোকান বন্ধ রাখা, কোথাও জটলা তৈরি না করতে দেয়া, নিত্যপ্রয়োজনীয় কাঁচাবাজার সীমিত রাখা, সাপ্তাহিক বাজারে জরুরি প্রয়োজন ছাড়া একাধিক ব্যক্তিকে বাজারে আসতে না দেয়া। এ সব সিদ্ধান্ত কার্যকর করতে স্থানীয় প্রশাসনকে সেনা সদস্যরা সহযোগিতা করতে মাঠে নেমেছে।

সিভিল সার্জন ডা. অংসুই প্রু মারমা জানান, জেলার মোট ৫০ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এর মধ্যে সদর হাসপাতালে ৬ জন, থানচি স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন এবং আলীকদম স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন। বাকি ৪১ জন হোম কোয়ারেন্টিনে।

২৪ ঘন্টা/আর এসপি

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন