২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ২৬ মার্চ ২০২০ www.24ghonta.news১২ চৈত্র ১৪২৬ বঙ্গাব্দ২ শাবান ১৪৪১ হিজরি

সিদ্ধান্ত পরিবর্তন, বিকেলে ব্রিফিং করবে আইইডিসিআর

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২০ । ১২:৩৯ দুপুর

আজ স্বাধীনতা দিবসের দিন (২৬ মার্চ) করোনা ভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতি নিয়ে ব্রিফিং করবে না জানানোর এক ঘণ্টা না যেতেই সিদ্ধান্ত পাল্টেছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ১০টার পর আইইডিসিআরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আলমগীর হোসেন জানিয়েছিলেন, সংস্থাটি আজ নিয়মিত ব্রিফিং করবে না। তবে বেলা সাড়ে ১১টার দিকেই তিনি আবার জানান, আজ ব্রিফিং হচ্ছে এবং তা হবে বিকেল সাড়ে ৩টায়।

এর আগে গেল রোববারও (২২ মার্চ) সংস্থাটি জানায়, তারা ওইদিন ব্রিফিং করবে না। তবে ওইদিনও কিছুক্ষণ পরই সিদ্ধান্ত পাল্টায় তারা। পরবর্তীতে ব্রিফিংও করে।

প্রসঙ্গত, করোনা ভাইরাস উদ্ভূত পরিস্থিতিতে নিয়মিত ব্রিফিং করে আসছে আইইডিসিআর। ব্রিফিংয়ে এ ভাইরাসে বিশ্ব ও বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে তথ্য দেয় সরকারি এ সংস্থাটি। এছাড়া এ ভাইরাস নিয়ে সরকারের গৃহীত পদক্ষেপ ও ভাইরাসটির সংক্রমণ থেকে কীভাবে মুক্ত থাকা যায় সে বিষয়েও দিক-নির্দেশনা দিয়ে আসছে তারা।

বুধবার সর্বশেষ ব্রিফিংয়ে প্রতিষ্ঠানটি জানায়, বাংলাদেশে এখন পর্যন্ত ৩৯ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এরমধ্যে মারা গেছেন পাঁচজন, সুস্থ হয়েছেন ৭ জন এবং চিকিৎসাধীন ২৭ জন।

অন্যদিকে, বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে এখন পর্যন্ত ২১ হাজার ২০০ জন প্রাণ হারিয়েছেন। অন্যদিকে এ ভাইরাস যাদের শরীরে শনাক্ত হয়েছে তাদের ১ লাখ ১৪ হাজার ২১৮ জন সুস্থ হয়ে উঠেছেন। এছাড়া ভাইরাসটি মোট শনাক্ত হয়েছে ৪ লাখ ৬৮ হাজার ৯০৫ জনের শরীরে।
বর্তমানে ৩ লাখ ৩৩ হাজার ৪৮৭ জনের শরীরে এ ভাইরাসের উপস্থিতি রয়েছে। চিকিৎসাধীন এসব মানুষের মধ্যে ৩ লাখ ১৮ হাজার ৬৯৫ জনের অবস্থা স্থিতিশীল এবং ১৪ হাজার ৭৯২ জনের অবস্থা গুরুতর।

ভাইরাসটির উৎপত্তিস্থল চীনে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৮১ হাজার ২৮৫ জন এবং মৃতের সংখ্যা ৩ হাজার ২৮৭ জন। দেশটিতে নতুন আক্রান্তের সংখ্যা ৬৭ জন এবং নতুন মৃতের সংখ্যা ছয়।

ভাইরাসটিতে ইতালিতে মৃতের সংখ্যা সবচেয়ে বেশি। সেখানে মারা গেছেন ৭ হাজার ৫০৩ জন। এদের মধ্যে ৬৮৩ জন মারা গেছেন গেল ২৪ ঘণ্টায়। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৭৪ হাজার ৩৮৬ জন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন