২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ২৬ মার্চ ২০২০ www.24ghonta.news১২ চৈত্র ১৪২৬ বঙ্গাব্দ২ শাবান ১৪৪১ হিজরি

করোনা ভাইরাসে নিস্তব্ধ ফটিকছড়ি : মাঠে সেনাবাহিনী

করোনা ভাইরাসে নিস্তব্ধ ফটিকছড়ি
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২০ । ৪:২৯ বিকাল

২৪ ঘন্টা ডট নিউজ। এম.জুনায়েদ,ফটিকছড়ি : করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আজ থেকে শুরু হলো ১০ দিনের বাধ্যতামূলক ছুটি। করোনা ভাইরাস বিস্তার রোধে জনসমাগম এড়াতে চট্টগ্রামের ফটিকছড়িতে নিত্যপ্রয়োজনীয় দোকান ছাড়া সব ধরনের দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ১১ টার দিকে সরজমিনে গিয়ে দেখা যায়, উপজেলা সদরের বিবিরহাট বাজারের সকল মার্কেট বন্ধ রয়েছে। শুধু ওষুধের দোকান, মুদি দোকান, কাঁচাবাজারের দোকান ছাড়া বাকী সব দোকানপাট বন্ধ রাখা হয়েছে।

২৫ মার্চ বুধবার রাত ৮টা থেকে উপজেলার দোকানপাট বন্ধ রাখা হয়েছে। কিছু কিছু দোকানপাট খোলা থাকলেও বেলা ১২টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে উপজেলা প্রশাসন ও সেনাবহিনীর টিম অভিযান চালিয়ে তা বন্ধ করে দেয়।

এছাড়া সকাল থেকে হাতেগুনা কয়েকটি লোকাল সিএনজি ছাড়া বড় কোন যানবাহন চলাচল করতে দেখা যায়নি। এতে পুরো উপজেলা নিস্তব্ধ হয়ে পড়েছে।

অন্যদিকে প্রশাসনকে সহায়তা দিতে মাঠে নেমেছেন সেনাবাহিনী। হোম কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিরা তা মানছেন কি না, তা তদারকি করছে সেনাবাহিনীর টিম। তাদের সঙ্গে কাজ করছেন পুলিশ সদস্যরাও। লোকজনকে অযথা বাইরে ঘোরাঘুরি বন্ধ করে ঘরে থাকার আহ্বান করেছেন সেনাবাহিনীর সদস্যরা।

উপজেলা নির্বাহী অফিসার সায়েদুল আরেফিন ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ি উপজেলায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্য দোকান ছাড়া বাকি সব ধরণের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

২৪ ঘন্টা/ আর এস পি

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন