২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ১৬ এপ্রিল ২০২০ www.24ghonta.news৩ বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ২৩ শাবান ১৪৪১ হিজরি

অনাহারে মারা যেতে পারে তিন কোটি মানুষ:বিশ্ব খাদ্য সংস্থা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০ । ৫:২১ সন্ধ্যা

করোনাভাইরাসের কারণে থমকে যাওয়া বিশ্বব্যবস্থায় গরিব মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বিশ্ব খাদ্য সংস্থার (ডব্লিউএফপি) প্রধান ডেভিড বেসলে।

বুধবার কানাডাভিত্তিক সংবাদমাধ্যম গ্লোব অ্যান্ড মেইলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, জাতিসংঘ তহবিল গঠন না করলে ভয়াবহ পরিণতি হতে পারে। তার আশঙ্কা, দরিদ্রদের মুখে খাবার তুলে দেওয়ার ব্যবস্থা করা না গেলে অন্তত তিন কোটি মানুষ অনাহারে মারা যেতে পারে।

বেসলে জানান, বিভিন্ন দেশের সরকারের আর্থিক সহায়তায় বিশ্বে অন্তত একশ মিলিয়ন মানুষের মুখে খাবার তুলে দেয় ডব্লিউএফপি। তার মধ্যে অন্তত ৩০ মিলিয়ন (৩ কোটি) মানুষ খাবার না পেলে অনাহারে মারা যাওয়ার ঝুঁকিতে আছে। জীবন বাঁচাতে হলে তাদের মুখে খাবার তুলে দেওয়ার ব্যবস্থা করতে হবে।

করোনাভাইরাসের কারণে সারা বিশ্বের অর্থনীতি থমকে গেছে। ডেভিড বেসলে মনে করেন, এ ধরনের পরিস্থিতিতে বিভিন্ন দেশ ডব্লিউএফপি’কে অর্থ সহায়তা বন্ধ করে দিতে পারে। আর এতে বিপর্যয় আরও বেড়ে যাবে।

তিনি শঙ্কা প্রকাশ করে বলেছেন, যদি ‘আমরা অর্থায়ন বন্ধের কবলে পড়ি … সর্বনিম্ন ৩০ মিলিয়ন মানুষ মারা যাবে। তিন মাসের বেশি সময় ধরে দিনে তিন লাখ মানুষের মৃত্যু হবে। সে কারণেই করোনাভাইরাস মোকাবিলায় গৃহীত পরিকল্পনার সঙ্গে অর্থনীতির বিষয়টি বিবেচনা করার কথাও বলেছেন তিনি।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন