মোঃ কামরুল ইসলাম মোস্তফা, চন্দনাইশ:করোনা ভাইরাসের কারনে সৃষ্ট পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া দোহাজারী পৌরসভার দিয়াকুল সৎসঙ্গ পাড়া এলাকার নিন্ম আয়ের অতিদরিদ্র শ্রমজীবি ২০ টি পরিবারের মাঝে ২য় দফায় ব্যতিক্রমী উপহার (চাল, মুরগি, ডিম) প্রদান করলেন দৈনিক ভোরের দর্পণ পত্রিকা এবং ২৪ ঘণ্টা ডট নিউজের পটিয়া প্রতিনিধি ও পটিয়া উপজেলা গ্রাম ডাক্তার সমিতির সভাপতি সাংবাদিক সঞ্জয় সেন।
শুক্রবার (১৭ এপ্রিল) বিকালে দিয়াকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে এই উপহারসামগ্রী বিতরণ করা হয়। এর আগে গত ৬ এপ্রিল ৩২টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী প্রদান করেন সাংবাদিক সঞ্জয় সেন।
শুক্রবার ২য় দফায় উপহার সামগ্রী বিতরণকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গ্রাম ডাক্তার অমিত চক্রবর্তী পলাশ, সাধন সেন, অনুপম সেন লিটন প্রমুখ।
খাদ্যদ্রব্য বিতরণকালে সাংবাদিক সঞ্জয় সেন বলেন, “বর্তমান সময়ে খেটে খাওয়া নিন্ম আয়ের মানুষের পাশাপাশি মধ্যবিত্ত পরিবারগুলোও নিদারুণ কষ্টে আছে। একজন সংবাদকর্মী হিসেবে তাঁদের অবর্ণনীয় দুঃখ খুব কাছ থেকে দেখি। অনেকে লোকলজ্জার ভয়ে কারো কাছে অভাবের কথা প্রকাশ করেন না। আমার সামর্থ্য অনুযায়ী নিজ জন্মস্থানের মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।
বিত্তশালীরা স্ব স্ব এলাকায় তালিকা তৈরী করে সবার অগোচরে ঘরে ঘরে গিয়ে খাদ্যদ্রব্য প্রদান করলে লোকগুলো উপকৃত হবে। সরকারের পাশাপাশি বিত্তশালীদেরও এগিয়ে আসা উচিৎ।”
নিজ নিজ সামর্থ্য অনুযায়ী অন্ততপক্ষে একজন মানুষকে হলেও সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার আহবান জানান তিনি।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১৮ এপ্রিল, ২০২০ । ১২:৩৭ রাত