২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২০ www.24ghonta.news১০ বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ১ রমজান ১৪৪১ হিজরি

কাল থেকে সৌদি আরবে রোজা শুরু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০ । ১০:০১ সকাল

সৌদি আরবের আকাশে বুধবার রমজান মাসের চাঁদ দেখা যায়নি। তাই শাবান মাসের ৩০ দিন পূর্ণ হবে আজ। সে হিসেবে আগামীকাল শুক্রবার জুমাআ’র দিন থেকে দেশটিতে পবিত্র রমজান মাস শুরু হবে।

আজ বৃহস্পতিবার দিবাগত রাত থেকে তারাবির নামাজ পড়ে শেষ রাতে সেহেরি খাবেন সৌদি প্রবাসীরা।

স্থানীয়ভাবে চাঁদ দেখার ভিন্নতা হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন দিনে রোজা শুরু হয়। ভৌগোলিক অবস্থার কারণে মধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশে রোজা বা ঈদ অনুষ্ঠিত হয়। সে হিসেবে আগামী শনিবার থেকে বাংলাদেশে রমজান শুরু হবে। ইতোমধ্যে বাসায় তারাবির নামাজ পড়তে দেশের জনগণকে অনুরোধ করেছে সরকার।

তারাবির নামাজের জন্য নতুন নিয়ম চালু করেছে সৌদি সরকার। করোনাভাইরাস পরিস্থিতির কারণে শুধু কাবা ও মসজিদে নববীতে সীমিত মুসল্লিদের অংশগ্রহণে ১০ রাকাত তারাবির নামাজ অনুষ্ঠিত হবে।

এবারের রমজান মাসটি বিশ্ববাসীর কাছে একটু ব্যতিক্রম। মহামারি করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে বেশির ভাগ দেশেই চলছে লকডাউন। সৌদি আরবে এবার রমজানে ঘরেই তারাবি আদায়ের নির্দেশনা দেওয়া হয়েছে। অনেক দেশেই বাসায় অবস্থান করে ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে এবারের রমজানের রোজা পালন করবেন মুসলিমগণ।

মক্কা ও মদিনা মসজিদের প্রধান শেখ আবদুর রহমান আস সুদাইসি জানান, সীমিত সংখ্যক মুসল্লির অংশগ্রহণে রমজানে ওয়াক্তিয়া নামাজ, তারাবিহ ও শেষ ১০ দিন তাহাজ্জুদের জামাত চলবে। তবে এসব সিদ্ধান্ত শুধু মসজিদে হারাম ও মসজিদে নববীর ক্ষেত্রে। দেশের অন্য মসজিদে জামাতের নিষেধাজ্ঞা বহাল থাকবে।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন