২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ১৫ অক্টোবর ২০১৯ www.24ghonta.news৩০ আশ্বিন ১৪২৬ বঙ্গাব্দ১৬ সফর ১৪৪১ হিজরি

আবরার হত্যা : ভারতে পালানোর সময় আসামি সাদাত গ্রেফতার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০১৯ । ২:১৫ দুপুর

বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় এজাহারভুক্ত আসামি এ এস এম নাজমুস সাদাতকে ভারতে পালানোর সময় গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সাদাতকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান।

ডিবি সূত্রে জানা যায়, দিনাজপুর জেলার বিরামপুর থানার কাটলা বাজার এলাকা থেকে আজ মঙ্গলবার ভোরে তাকে গ্রেফতার করা হয়। তিনি বুয়েটের যন্ত্র কৌশল বিভাগের ১৭ ব্যাচের শিক্ষার্থী। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন। গ্রেফতার এড়ানোর জন্য তিনি দিনাজপুর জেলার হিলি বর্ডার দিয়ে ভারতে পালানোর চেষ্টা করছিলেন।

এ নিয়ে আবরার হত্যা মামলায় এ পর্যন্ত ২০ জনকে গ্রেফতার করল পুলিশ।

উল্লেখ্য, গেল ৫ অক্টোবর বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন ফাহাদ। এর জের ধরে রবিবার রাতে বুয়েটের শেরে-বাংলা হলে নিজের ১০১১ নম্বর কক্ষ থেকে তাকে ডেকে নিয়ে ২০১১ নম্বর কক্ষে বেধড়ক পেটানো হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পিটুনির সময় নিহত আবরারকে ‘শিবিরকর্মী’ হিসেবে চিহ্নিত করার চেষ্টা চালায় খুনিরা।

এ ঘটনায় নিহতের বাবা মো. বরকত উল্লাহ চকবাজার থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় প্রথমে সাদাতসহ ১৯ জনকে আসামি করা হয়। পরে এ মামলায় অমিত সাহাকে অন্তর্ভুক্ত করা হয়।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন