২৪ ঘন্টা নিউজ
বুধবার ২৯ এপ্রিল ২০২০ www.24ghonta.news১৬ বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ৭ রমজান ১৪৪১ হিজরি

১শ’ কোটি লোক করোনা আক্রান্ত হবে:আইআরসি

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২৯ এপ্রিল, ২০২০ । ১১:৪৯ সকাল

প্রাণঘাতী নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণে বিশ্বব্যাপী ১শ’ কোটি মানুষ আক্রান্ত হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে আন্তর্জাতিক দাতা সংস্থা ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)।

মঙ্গলবার (২৮ এপ্রিল) এমন শঙ্কার কথা জানিয়েছে সংস্থাটি।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী আইআরসি বলছে, বিশ্বব্যাপী মহামারি করোনার বিস্তার কমাতে আর্থিক ও মানবিক সহায়তা জরুরি। দুর্বল অর্থনীতি বিশেষ করে আফগানিস্তান ও সিরিয়ার মতো যুদ্ধবিধ্বস্ত দেশগুলোকে এখনই আর্থিক সহায়তা করার মাধ্যমেই ব্যাপক আকারে এই মহামারির সংক্রমণ ছড়িয়ে পড়া আটকানো যেতে পারে।

সংস্থাটি আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক করে বলেছে, আমাদের হাতে সময়ও খুব অল্প। অতএব দ্রুতই আমাদের এসব পদক্ষেপ গ্রহণ করতে হবে।’ প্রসঙ্গত যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেওয়া হিসাব অনুযায়ী, কোভিড-১৯ রোগে আক্রান্তের সংখ্যা এখন ৩০ লাখের বেশি। এর মধ্যে ২ লাখ ১০ হাজারের বেশি মানুষ মারা গেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইম্পেরিয়াল কলেজ অব লন্ডনের কাছ থেকে তথ্য সংগ্রহের মাধ্যমে করোনাভাইরাস নিয়ে একটি প্রতিবেদনে তৈরি করেছে আইআরসি।

প্রতিবেদন অনুযায়ী, মহামারি করোনাভাইরাসে বিশ্বব্যাপী ৫০০ মিলিয়ন থেকে ১০০ কোটি মানুষ আক্রান্ত হবে বলে আনুমানিক এক হিসাব দিয়েছে সংস্থাটি।

অস্থিতিশীল ও যুদ্ধ-সংঘাত কবলিত কয়েক ডজন দেশে করোনায় আক্রান্ত হয়ে ৩০ লাখের বেশি মানুষের মৃত্যু হতে পারে সংস্থাটি শঙ্কা প্রকাশ করেছে।

ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটির (আইআরসি) প্রেসিডেন্ট ও সিইও ডেভিড মিলিব্যান্ড বলেন, অন্তত এই সংখ্যাটার কথা ভেবে হলেও আমাদের জাগতে হবে। এই মহামারির সম্পূর্ণ, ধ্বংসাত্মক এবং অপ্রতিরোধ্য ক্ষয়ক্ষতি কিংবা বিপর্যয় এখনো বিশ্বের সবচেয়ে ভঙ্গুর অর্থনীতি ও যুদ্ধবিধ্বস্ত দেশগুলোতে অনুভূত হয়নি। এই মহামারি থেকে রক্ষা পেতে দাতাদেরকে জরুরিভিত্তিতে এসব দেশকে আর্থিক সহায়তা করতে হবে।
২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন