২৪ ঘন্টা নিউজ
রবিবার ১৭ মে ২০২০ www.24ghonta.news৩ জ্যৈষ্ঠ ১৪২৭ বঙ্গাব্দ২৫ রমজান ১৪৪১ হিজরি

দায়িত্ব নিয়েই দুই দুর্নীতিবাজ কর্মকর্তাকে চাকরিচ্যুত করলেন মেয়র তাপস

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১৭ মে, ২০২০ । ৮:৩১ রাত

দায়িত্ব গ্রহণের দ্বিতীয় দিনেই দুর্নীতির অভিযোগে দুই কর্মকর্তাকে চাকরিচ্যুত করলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।

চাকরিচ্যুত দুই কর্মকর্তা হলেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আসাদুজ্জামান ও প্রধান রাজস্ব কর্মকর্তা ইউসুফ আলী সরদার। তাদের দুজনের বিরুদ্ধেই কমিশন বাণিজ্য, দুর্নীতিসহ নানা অভিযোগ রয়েছে।

রবিবার সন্ধ্যায় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মোহাম্মদ ইমদাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে দুপুরে নগর ভবনে করপোরেশনের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান এবং আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে দুর্নীতিবাজদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দেন নতুন মেয়র।

মেয়র বলেন, ‘দুর্নীতি এবং দায়িত্ব পালনে কোনোরূপ শৈথিল্য বরদাশত করা হবে না। এধরনের কোনো কিছু নজরে আসার সঙ্গে সঙ্গেই কঠোর ব্যবস্থা নেয়া হবে এবং যত বড় কর্মকর্তাই হোক কাউকেই ছাড় দেয়া হবে না। এজন্য যদি কাউকে বিদায় দিতে হলেও পিছুপা হবো না।’

গত ১ ফেব্রুয়ারির নির্বাচনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন ঢাকা-১০ আসনের সাবেক সাংসদ শেখ ফজলে নূর তাপস। আগের মেয়র সাঈদ খোকনের মেয়াদ শেষ না হওয়ায় তাকে কয়েক মাস অপেক্ষা করতে হয়। গতকাল শনিবার তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন